স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র
কুমিল্লার হোমনায় নিখোঁজের নয় দিন পরও সন্ধান মেলেনি দশম শ্রেণির শিক্ষার্থী মো. সোহাগের (১৫)। এ ঘটনায় গত ৮ অক্টোবর হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার। একমাত্র ছেলের সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার মা-বাবা।
নিখোঁজ সোহাগ উপজেলার নিলখী ইউনিয়নের ইটাভাড়া গ্রামের মো. সোহেলের ছেলে। সে ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের হোমনা শাখার দশম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর শনিবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সোহাগ। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
সোহাগের বাবা মো. সোহেল জানান, নিখোঁজ হওয়ার পরদিন রবিবার ছেলের মুঠোফোন থেকে তার মাকে ফোন করে সোহাগ জানায় যে সে চট্টগ্রামে আছে। তার কাছে কোনো টাকা নেই জানিয়ে সে বিকাশে এক হাজার টাকা পাঠাতে বলে। টাকা পেলে দ্রুত বাড়ি ফিরে আসবে বলেও আশ্বস্ত করে সে। ছেলের কথা অনুযায়ী তার মা তখন বিকাশে এক হাজার টাকা পাঠিয়ে দেন। কিন্তু এরপর থেকে সোহাগের ফোন বন্ধ পাওয়া যায় এবং তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, সোহাগ তাঁর প্রতিষ্ঠানের একজন নিয়মিত ও ভালো ছাত্র। গত শনিবার থেকে সে আর স্কুলে আসছে না। সোহাগের মা বিদ্যালয়ে এসে তাকে নিখোঁজের বিষয়টি বিস্তারিত জানিয়েছেন। তবে কী কারণে সে এভাবে নিখোঁজ হলো, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে পারছেন না তিনি।
নিখোঁজ শিক্ষার্থী সোহাগের কোনো ধরনের সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে ০১৩১৩২৩৫৮২৯ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com