শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে টস বন্ডের চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে।
অনুমোদিত সীমার বাইরে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে রাজধানীর দক্ষিণ গুলশানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটির ডিপ্লোমেটিক ওয়্যারহাউস কার্যক্রমে বিভিন্ন অসংগতি পাওয়া যায়।
এনবিআর জানায়, প্রতিষ্ঠানের নথিতে অনুমোদিত ওয়্যারহাউসের সংখ্যা ছিল দুটি। তবে সরেজমিনে মোট চারটি গুদামে পণ্য মজুতের তথ্য পাওয়া যায়। বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অবৈধভাবে সরিয়ে নেওয়া বা খোলাবাজারে বিক্রির আশঙ্কা এবং তদন্তের স্বার্থে চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।
গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, ‘টস বন্ড’ বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের জন্য শুল্কমুক্ত অ্যালকোহল সরবরাহের লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শুল্কমুক্ত মদ খোলাবাজারে বিক্রির অভিযোগ দীর্ঘদিন ধরে খতিয়ে দেখছিল এনবিআর।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, নুর ইসলাম ও তার পরিবারের আর্থিক লেনদেন নিয়েও এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ইউনিট অনুসন্ধান করেছে। কানাডায় নুর ইসলাম, তার স্ত্রী শীলা ইসলাম ও মেয়ে তাসনিম ইসলামের নাগরিকত্ব এবং কয়েকটি কোম্পানির মালিকানার তথ্য পাওয়া গেছে বলেও সূত্রের দাবি।
২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত তাদের ১৬৩টি আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে একটি বছরে প্রায় ৯৫ কোটি টাকা রেমিট্যান্স আনার তথ্য পাওয়া গেছে বলেও তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এসব তথ্যের বিষয়ে নুর ইসলাম বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য জানা যায়নি।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, গুদাম সিলগালার অভিযানটি সালমান মুক্তাদিরের সাম্প্রতিক ঘটনাবলির সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। তাদের ভাষ্য, নুর ইসলামের ব্যবসা ও করসংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো আগে থেকেই অনুসন্ধান চালিয়ে আসছিল।
এর আগে দক্ষিণ মানিকদীর নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া মামলা করেন। ওই মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, বুধবার সালমান মুক্তাদিরের ব্যক্তিগত সব ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com