স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল।
পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করতে আগামী ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী এক বছরব্যাপী প্রচারাভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল।
মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথম এক মাসে র্যালি, মেলা ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি পরিবার পর্যায়ে প্রয়োজনীয় পরিবার পরিকল্পনা সামগ্রী পৌঁছে দেওয়া হবে। পরবর্তী সময়ে দেশজুড়ে এক বছর ধরে এ কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’—এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হবে। শুধু প্রচারণা নয়, পরিবার পরিকল্পনার প্রয়োজনীয় সামগ্রীও মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করছেন। জেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে, যাতে মানুষ পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ হন।
তিনি বলেন, পরিবার পরিকল্পনার প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে ট্যাবলেট, কন্ট্রাসেপটিভসহ অন্যান্য উপকরণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে নিয়ম ও বিধিবিধান অনুসরণ করতে হয় উল্লেখ করে সাখাওয়াত হোসেন বকুল বলেন, এসব প্রক্রিয়ায় সময় লাগে। অতীতে অনেক কাজ করা সম্ভব হয়নি। তবে নতুন করে কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী বছরের শুরু থেকে এর দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশের পরিবার পরিকল্পনা কার্যক্রমকে সরকারের অন্যতম দুর্বল জায়গা হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। জন্মহার কমানোর ক্ষেত্রেও বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে।
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি যন্ত্র কেনা হচ্ছে
দেশের ক্যান্সার চিকিৎসাব্যবস্থার সংকটের কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। দরিদ্র মানুষের জন্য ক্যান্সারের চিকিৎসা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
কেমোথেরাপি ও রেডিওথেরাপির যন্ত্র নষ্ট থাকায় অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান তিনি। তার ভাষ্য, আটটি ফুল সেটের কেমোথেরাপি মেশিন নষ্ট ছিল। পাশাপাশি ১৭টি রেডিওথেরাপি যন্ত্র কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সাখাওয়াত হোসেন বকুল বলেন, ক্যান্সারের মতো জটিল রোগে সময়মতো চিকিৎসা শুরু করা গেলে অনেক রোগীর জীবন রক্ষা করা সম্ভব। কিন্তু অর্থের অভাব ও চিকিৎসা সরঞ্জামের সংকটের কারণে দরিদ্র মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, আগামী দিনে স্বাস্থ্য খাতের বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com