বকেয়া দেনমোহর পরিশোধ নিয়ে হাইকোর্টের রায়।
বিয়ের সময় বকেয়া রাখা দেনমোহর স্ত্রী দাবি করলেই স্বামীকে তা পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। দেনমোহর পাওয়ার জন্য স্ত্রীকে বিবাহবিচ্ছেদ কিংবা স্বামীর মৃত্যুর মতো কোনো ঘটনার জন্য অপেক্ষা করতে হবে না বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।
দেনমোহর সংক্রান্ত একটি দেওয়ানি রিভিশন মামলার নিষ্পত্তি করে বিচারপতি আব্দুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এই পর্যবেক্ষণ ও রায় দেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।
পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেন, আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো স্বামী দেনমোহর পরিশোধে অযথা গড়িমসি বা কালক্ষেপণ করলে এবং স্ত্রীকে তার পাওনা আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য করলে, সংশ্লিষ্ট বিচারিক আদালত মূল দেনমোহরের পাশাপাশি স্ত্রীকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবেন।
আদালত আরও পর্যবেক্ষণ করেন, দেওয়ানি চুক্তি বা আইনের সুস্পষ্ট ব্যত্যয় ঘটিয়ে কোনো আদালতেরই দেনমোহরের কোনো অংশ কমানো, হ্রাস করা কিংবা মওকুফ করার আইনগত এখতিয়ার নেই।
বিদ্যমান মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালায় বকেয়া দেনমোহরের বিষয়টি উল্লেখ থাকলেও তা কখন পরিশোধ করতে হবে, সে বিষয়ে সুস্পষ্ট আইনি ব্যাখ্যার ঘাটতি ছিল। এ কারণে বিবাহবিচ্ছেদ বা স্বামীর মৃত্যুর পরই কেবল বকেয়া দেনমোহর দাবি করা যায়—সমাজে এমন একটি ধারণা প্রচলিত ছিল।
হাইকোর্টের এই রায়ের ফলে বকেয়া দেনমোহর পরিশোধের সময়সংক্রান্ত সেই আইনি অস্পষ্টতা অনেকটাই দূর হলো।
রায়ে পবিত্র কোরআনের বিভিন্ন সুরার প্রাসঙ্গিক আয়াতের উল্লেখ করে আদালত বলেন, ইসলামে দেনমোহর বকেয়া রেখে দেওয়ার সুযোগ নেই। এটি স্ত্রীর তাৎক্ষণিক ও অবিচ্ছেদ্য অধিকার।
মামলার আইনজীবী ব্যারিস্টার ইশরাত হাসান রায়টিকে নারীর অধিকার সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এই রায়ের ফলে বকেয়া দেনমোহর আদায়ে নারীদের দীর্ঘদিনের বঞ্চনার সুযোগ কমবে। আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও স্বামীদের দেনমোহর পরিশোধে টালবাহানার সুযোগও থাকবে না।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com