ঢাকা, ০৮ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:১৮ এএম, ০৭ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

নির্বাচনের অভিজ্ঞতা নিতে ঢাকায় এসেছে নেপালের দুজন নির্বাচন কমিশনার

প্রকাশিত : ০৩:১৮ এএম, ০৭ অক্টোবর ২০২৬

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশের অভিজ্ঞতা জানতে ঢাকায় এসেছে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।

নিউজ ডেস্ক :

প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশের নেওয়া উদ্যোগ ও অভিজ্ঞতা জানতে ঢাকায় এসেছে নেপালের নির্বাচন কমিশনের (ইসিএন) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে বুধবার (৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘লার্নিং অ্যান্ড এক্সচেঞ্জ প্রোগ্রাম’।

বুধবার সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বৈঠকে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত থাকবেন।

এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, অতিরিক্ত সচিব মো. শামসুল আলম, ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সালীম আহমদ খান এবং উপপ্রকল্প পরিচালক মামুনুর হোসেন বৈঠকে অংশ নেবেন। ইউএনডিপির পক্ষ থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে নেপালের দুই নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নিয়েছেন।

সফরের অংশ হিসেবে নেপালের প্রতিনিধি দল ৭ ও ৮ অক্টোবর বাংলাদেশ নির্বাচন কমিশনের বাস্তবায়নাধীন ‘দেশের বাইরে ভোটদান সিস্টেম উন্নয়ন এবং বাস্তবায়ন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবে।

এ সময় তারা প্রকল্পটির কারিগরি ও প্রশাসনিক বিভিন্ন দিক সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা ও কার্যকর পদ্ধতি সম্পর্কে ধারণা নেবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে পেশাগত সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। বিশেষ করে প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশের ওসিভি-এসডিআই প্রকল্পের অভিজ্ঞতা, জ্ঞান ও উত্তম চর্চা বিনিময়ের মাধ্যমে দুই দেশের নির্বাচনি ব্যবস্থার উন্নয়নই এ আয়োজনের প্রধান লক্ষ্য।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com