ঢাকা, ০৮ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:২৮ এএম, ০৭ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

বাংলাদেশে হাইব্রিড গাড়ির কারখানা করবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৯ সালে

প্রকাশিত : ০১:২৮ এএম, ০৭ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের প্রতিনিধিদল।

নিউজ ডেস্ক :

বাংলাদেশে সাধারণ গাড়ির পাশাপাশি হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (এইচইভি) উৎপাদনের জন্য কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে জাপানের অটোমোবাইল নির্মাতা টয়োটা। ২০২৭ সালে দেশের একটি অর্থনৈতিক অঞ্চলে কারখানা নির্মাণ শুরু করে ২০২৯ সালের মধ্যে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে টয়োটা তুশো করপোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ পরিকল্পনার কথা জানায়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে জানায়, বাংলাদেশে গাড়ি উৎপাদন কার্যক্রম শুরু হলে শিল্পায়নের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ কারিগরি জনশক্তি তৈরিতে অবদান রাখবে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া দেশের বিভিন্ন বিভাগে টয়োটার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানায় প্রতিনিধিদল। এর মাধ্যমে গ্রাহকদের কাছে টয়োটার গাড়ি ও আধুনিক সেবা আরও সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে।

টয়োটার বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। বিদেশি উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতেও বিনিয়োগের জন্য টয়োটা তুশোকে এগিয়ে আসার আহ্বান জানান। এসব খাতে বিনিয়োগে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বৈঠকে টয়োটা প্রতিনিধিদল জানায়, অটোমোবাইল শিল্পে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের তরুণদের জন্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের সুযোগ তৈরিতেও তারা কাজ করতে চায়। ভবিষ্যৎ শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে তাদের।

বৈঠকে সরকারের পক্ষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

টয়োটা তুশো করপোরেশনের মোবিলিটি ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শিগেরু হারাদা, টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com