ঢাকা, ০৮ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:২৮ এএম, ০৭ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে ৯৮ হাজার টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

প্রকাশিত : ১২:২৮ এএম, ০৭ অক্টোবর ২০২৬

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে আটক নার্গিস আক্তার।

নিউজ ডেস্ক :

সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ছয় প্রান্তিক মানুষের কাছ থেকে ৯৮ হাজার টাকা নেওয়ার অভিযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নার্গিস আক্তার (৩৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়েরবাজার এলাকায় কৃষি ব্যাংকের সামনে ভুক্তভোগীদের পাতা ফাঁদে তাকে আটক করা হয়। পরে স্থানীয়রা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটক নার্গিস আক্তার উপজেলার মৃগালী গ্রামের খোকন আলীর স্ত্রী। পুলিশ তাকে প্রথমে রায়েরবাজার তদন্তকেন্দ্রে নেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়ার পর সন্ধ্যায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ভুক্তভোগীরা সবাই পাশের নান্দাইল উপজেলার কামারগাঁও ইউনিয়নের দোরুয়া গ্রামের বাসিন্দা। তারা হলেন—হোসনে আরা বেগম (৩২), রাবেয়া খাতুন (৫০), জোসনা খাতুন (৩০), আছিয়া খাতুন (৫৬), তন্নী আক্তার লিমা (৩৫) ও কনক মিয়া (৩৬)।

ভুক্তভোগী ও স্থানীয়দের ভাষ্য, পূর্বপরিচয়ের সূত্র ধরে নার্গিস আক্তার তাদের জানান, স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধিদের মাধ্যমে দ্রুত সরকারি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দিতে পারবেন তিনি। তার কথায় বিশ্বাস করে রাবেয়া খাতুন ১৮ হাজার টাকা এবং অন্য পাঁচজন ১৬ হাজার টাকা করে দেন। সব মিলিয়ে নার্গিসের হাতে তারা ৯৮ হাজার টাকা দেন।

টাকা নেওয়ার পর প্রায় দেড় মাস ধরে ‘আজ দেব, কাল দেব’ বলে তাদের ঘোরাতে থাকেন নার্গিস। একপর্যায়ে কার্ড করে দেওয়ার জন্য আরও ৪ হাজার টাকা দাবি করেন তিনি। এতে ভুক্তভোগীদের সন্দেহ হয়।

রাবেয়া খাতুনের দাবি, আঠারবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান আলমগীর ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমানের প্রভাব খাটিয়ে কার্ড করে দেওয়ার কথা বলেছিলেন নার্গিস।

পরে ভুক্তভোগীরা বাকি ৪ হাজার টাকা দেওয়ার কথা বলে নার্গিসকে মঙ্গলবার রায়েরবাজারে ডেকে আনেন। তিনি সেখানে পৌঁছালে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।

এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান বলেন, বিষয়টি গত সোমবার তার নজরে আসে। তাদের নাম ব্যবহার করে নার্গিস সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন জানতে পেরে ভুক্তভোগীদের মাধ্যমে টাকা দেওয়ার ফাঁদ পেতে তাকে ডেকে আনা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণা করে অর্থ নেওয়ার অভিযোগে নার্গিস আক্তারকে আটক করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে নিয়মিত মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com