সংগৃহীত
দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি একযোগে দেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচির সূচনা করবেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় আগামী পাঁচ বছরে স্কুল, কলেজ ও মাদ্রাসা মিলিয়ে প্রায় ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দুপুর ২টায় সারাদেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হবেন। এর মধ্যে রয়েছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা।
আগে এ আয়োজন সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে সময় পরিবর্তন করে দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জলবায়ু সচেতনতা অনুদান দেওয়া হচ্ছে। চলতি বছর প্রতিটি প্রতিষ্ঠানে অন্তত একটি ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের সব অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
এ আয়োজনকে আরও অংশগ্রহণমূলক করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সুযোগও রাখা হয়েছে।
এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ক্যাম্পাসে জলবায়ু সচেতনতামূলক ব্যানার-ফেস্টুন টাঙানো, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের প্রদর্শনী ঘুরে দেখবেন এবং নির্বাচিত তরুণ উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেবেন।
অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শনে রোববার বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com