ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ পুতুল। ছবি: সংগৃহীত
প্রতারণা ও জালিয়াতির অভিযোগের তদন্তের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্ত করছে।
পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ দাবি করেন, বাংলাদেশে একটি জমি অবৈধভাবে নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে তুলেছে ডব্লিউএইচও। তবে তার ভাষ্য, সংস্থাটিতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি পেয়েছিলেন এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় জমিটি পাওয়ার অধিকার তার ছিল।
ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসকে দেওয়া চিঠিতে সায়মা ওয়াজেদ বলেন, আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন। তবে দায়িত্ব পালনে বাধা দেওয়ার কারণে সংস্থাটির নেতৃত্বের ওপর তার আস্থা ও বিশ্বাস নষ্ট হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
চিঠিতে তিনি আরও জানান, প্রায় এক বছর ধরে বেতন না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতিও অসহনীয় হয়ে উঠেছে। এসব পরিস্থিতির কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের জন্য ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তবে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করার পর তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়।
গত ৩ জুলাই ডব্লিউএইচওকে দেওয়া সায়মা ওয়াজেদের আইনজীবীদের পৃথক এক চিঠির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সংস্থাটি চীন সফরের সময় আর্থিক জালিয়াতি এবং তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সায়মা ওয়াজেদ।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com