ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও আবু সাদিক কায়েম। ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অনানুষ্ঠানিকভাবে প্রার্থী ঠিক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জোটগতভাবে সিটি নির্বাচনে অংশ নেবে না।
দলীয় একাধিক মনোনয়নপ্রত্যাশী না থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আগেভাগেই প্রার্থী বাছাই করেছে জামায়াত। ঢাকা উত্তরে দলটির প্রার্থী হিসেবে মহানগর আমির সেলিম উদ্দিনের নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।
ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে বাছাই হওয়ার পর থেকেই সেলিম উদ্দিন নির্বাচনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন। নিজের ছবি সংবলিত পোস্টারের মাধ্যমে ভোটারদের কাছে দোয়া চাইছেন এবং বিভিন্ন সামাজিক ও স্থানীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে অনানুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
দলটির নেতাদের প্রত্যাশা, ডাকসু নির্বাচনে সাদিক কায়েমের যে জনপ্রিয়তা তৈরি হয়েছে, সেটি কাজে লাগিয়ে তিনি ঢাকা দক্ষিণেও ভোটারদের মধ্যে সাড়া ফেলতে পারবেন। ইতোমধ্যে তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের প্রচারণা শুরু হয়েছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নিচ্ছেন তিনি।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দুই সিটিতে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে মহানগর পর্যায় থেকে সেলিম উদ্দিন ও আবু সাদিক কায়েমকে বাছাই করা হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে পরে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে।
তিনি বলেন, দুই প্রার্থীই ব্যাপক জনপ্রিয় এবং দুজনই ছাত্র নেতৃত্ব থেকে উঠে এসেছেন। ফলে তরুণদের মধ্যে তাদের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।
এহসানুল মাহবুব জুবায়েরের মতে, সরকারের ব্যর্থতার কারণে আসন্ন সিটি নির্বাচনে ভোটাররা জামায়াত মনোনীত প্রার্থীদের বেছে নিতে পারেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com