আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ সিফাত। ছবি: ফাইল
বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতা নিয়ে ফেসবুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে উদ্দেশ করে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ সিফাতকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
নোটিশে তাকে কেন কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে কারণ জানাতে বলা হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষের পক্ষে অধ্যাপক ড. নিলুফা আহসানের স্বাক্ষর করা নোটিশে এসব তথ্য জানানো হয়।
নোটিশ অনুযায়ী, মো. আব্দুল্লাহ সিফাত (আইডি-৪১০২১০৪৬) আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিবিএ অনার্স (ব্যবস্থাপনা) বিভাগের চতুর্থ বর্ষের (শিক্ষাবর্ষ ২০২১-২০২২) শিক্ষার্থী।
এতে বলা হয়, গত ৩ সেপ্টেম্বর নিজের বাসার বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতার বিষয় উল্লেখ করে ফেসবুকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে উদ্দেশ করে অশালীন ভাষায় বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। পরে ওই বক্তব্য ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ একটি ঐতিহ্যবাহী, সুশৃঙ্খল ও সেনাবাহিনী নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার ভিত্তিতে শিক্ষার্থীদের গড়ে তোলাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। কোনো শিক্ষার্থী শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
নোটিশে আরও বলা হয়, একজন শিক্ষার্থীর কাছ থেকে এ ধরনের কর্মকাণ্ড অশোভন, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এ ঘটনায় কলেজের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য শিক্ষার্থীরা বিব্রত হয়েছেন।
কলেজের স্থায়ী পরিচালনা নীতিমালার অধ্যায় ৯-এর অনুচ্ছেদ ৯.৮-এর ক্রমিক ৮-এর উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করলে অপরাধের গুরুত্ব বিবেচনায় শিক্ষার্থীকে কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়ার বিধান রয়েছে।
এ অবস্থায় সিফাতের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে।
নোটিশের অনুলিপি অবগতির জন্য সেনাসদর, জিএস শাখার শিক্ষা পরিদপ্তর, সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার শিক্ষা শাখা এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির কাছে পাঠানো হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com