মহাসড়কে স্লিপার বাস চলাচল নিয়ে হাইকোর্টের আদেশ
মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসের চলাচলের অনুমোদন দিয়েছে, কেবল সেসব যানই সড়কে চলতে পারবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন মহাসড়কে এসব বাস চলাচলের অনুমতি চেয়ে আবেদন করেছিল।
আইনজীবী আদালতকে জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য ও স্পেসিফিকেশন নির্ধারণের বিষয়টি উল্লেখ রয়েছে। নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য লঙ্ঘন করলে তা আইনের আওতায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে বলে তিনি জানান।
এ ছাড়া সড়ক পরিবহন আইনের ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে।
বিআরটিএর আইনজীবী বলেন, আদালত স্পষ্ট করেছেন—বিআরটিএ যেসব বাসের চলাচলের অনুমতি দিয়েছে, সেগুলোই সড়কে চলবে। স্লিপার বাসের জন্য সংশ্লিষ্ট অনুমতি না থাকায় মহাসড়কে এসব বাস চালানোর অনুমতিও হাইকোর্ট দেয়নি।
ফলে বর্তমানে বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস মহাসড়কে চলাচল করতে পারবে না।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com