ঢাকা, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:৩৪ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

সন্দ্বীপের শাহরিয়ার রোবোটিকস নিয়ে যাচ্ছেন ইতালির আন্তর্জাতিক প্রতিযোগিতায়

প্রকাশিত : ০৫:৩৪ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬

রোবোটিকস নিয়ে কাজ করা সন্দ্বীপের জিহাদ শাহরিয়ার; নভেম্বরে ইতালির রোমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি।

নিউজ ডেস্ক :

শৈশবে রোবোটিকস শেখার কোনো সুযোগ ছিল না। তাই নষ্ট রেডিও, ক্যাসেট প্লেয়ার ও খেলনা গাড়ি খুলে সেগুলোর ভেতরের যন্ত্রপাতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেন। কখনো সেখান থেকে মোটর খুলে কর্কশিট দিয়ে বানাতেন জাহাজ, কখনো গাড়ি। সন্দ্বীপের সেই কৌতূহলী শিশুই এখন রোবোটিকস নিয়ে কাজ করছেন। বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের পর এবার আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় অংশ নিতে ইতালির রোমে যাওয়ার সুযোগ পেয়েছেন জিহাদ শাহরিয়ার।

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহরিয়ার বর্তমানে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহ থাকলেও প্রাতিষ্ঠানিকভাবে রোবোটিকস শেখার সুযোগ পাননি তিনি।

২০১৮ সালে সন্দ্বীপ থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন শাহরিয়ার। এরপর চট্টগ্রাম নগরের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করেন। ২০২৩ সালে ভর্তি হন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই রোবোটিকস নিয়ে কাজ করার সুযোগ পান তিনি।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে তিনি প্রতিষ্ঠানটির ‘মার্স রোভার টিম’ সম্পর্কে জানতে পারেন। পরে সেখানে যুক্ত হয়ে শুরু করেন রোবোটিকস শেখা। ধীরে ধীরে যন্ত্রের নকশা, ইলেকট্রনিকস, প্রোগ্রামিং, অটোমেশন, কম্পিউটার ভিশন ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করেন।

সম্প্রতি তাঁর দল সাফল্য পেয়েছে ‘ফিবোনাচ্চি আন্তর্জাতিক রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াড-২০২৬’-এ। ৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ‘গ্রিন এন্টারপ্রেনিউরশিপ’ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে শাহরিয়ারের দল। প্রতিযোগিতায় সেরা তিনটি দলকে ইতালিতে অনুষ্ঠেয় ফিবোনাচ্চি বিশ্ব চ্যাম্পিয়নশিপের আন্তর্জাতিক পর্বে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। সেই সুবাদে আগামী নভেম্বরে রোমে যাওয়ার সুযোগ পেয়েছেন শাহরিয়ার ও তাঁর দলের সদস্যরা।

প্রতিযোগিতায় তাঁদের উপস্থাপিত প্রকল্পের নাম ‘গ্রিন টেক ল্যাব’। শাহরিয়ারের ভাষ্য অনুযায়ী, এটি একটি ‘স্মার্ট গ্রিন লার্নিং ইনিশিয়েটিভ’, যেখানে কৃষি, প্রকৃতি ও প্রযুক্তিকে একই প্ল্যাটফর্মে শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পটিতে হাইড্রোপনিক পদ্ধতিতে উদ্ভিদ চাষের পাশাপাশি বিভিন্ন সেন্সরের মাধ্যমে তাপমাত্রা, আর্দ্রতা ও পানির তথ্য সংগ্রহ করা যায়। ইন্টারনেট অব থিংস বা আইওটির মাধ্যমে এসব তথ্য পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।

শাহরিয়ার জানান, পাঁচ সদস্যের দলটি মাত্র এক মাসের মধ্যে প্রকল্পটির মডেল তৈরি করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়।

সন্দ্বীপে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকেই এমন একটি প্রকল্পের ভাবনা এসেছে বলে জানান তিনি। তাঁর মতে, প্রত্যন্ত অঞ্চলের শিশুদের প্রযুক্তি ও রোবোটিকস শেখার সুযোগ যেমন প্রয়োজন, তেমনি শহরের শিশুদেরও প্রকৃতি ও কৃষির সঙ্গে পরিচিত হওয়া জরুরি।

ফিবোনাচ্চি অলিম্পিয়াড বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ নাসির জানান, শাহরিয়ারের দল প্রতিযোগিতায় রৌপ্যপদক পেয়েছে। স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক পাওয়া দলগুলো আগামী নভেম্বরে ইতালির রোমে অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্বে অংশ নেবে।

শাহরিয়ারের স্বপ্ন শুধু নিজের সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি চান, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের ছোটবেলা থেকেই রোবোটিকস ও STEM প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হোক। তাঁর প্রত্যাশা, কোনো শিশুর জন্মস্থান যেন তার শেখার সুযোগ নির্ধারণ না করে।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্নের কথা জানিয়ে শাহরিয়ার বলেন, উপযুক্ত প্রতিষ্ঠান, সংগঠন বা পৃষ্ঠপোষকের সহযোগিতা পেলে ‘গ্রিন টেক ল্যাব’ প্রকল্পটি আরও বড় পরিসরে নিয়ে যেতে চান তিনি।

তথ্য প্রযুক্তি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com