২০২৭ সালের হজ প্যাকেজের মূল্য কমানোর ঘোষণা ধর্মমন্ত্রীর
হাজীদের আর্থিক চাপ কমাতে খাবারের খরচ প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত করেও ২০২৭ সালের হজ প্যাকেজের মূল্য কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী বছরের হজ প্যাকেজ আরও সাশ্রয়ী ও সহজ করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর মূল্য ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭৭ টাকা। ২০২৭ সালে তা কমিয়ে ৬ লাখ ১৫ হাজার ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এক বছরে এ প্যাকেজের ব্যয় কমেছে ৭৫ হাজার ৩৫৪ টাকা। এর মধ্যে খাবারের জন্য ৩৯ হাজার ১৩৬ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে, ২০২৬ সালে হজ প্যাকেজ-২-এর মূল্য ছিল ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। আগামী বছর এ প্যাকেজের দাম কমিয়ে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা করা হয়েছে। এতে ব্যয় কমেছে ৫৩ হাজার ২৩৩ টাকা। এ প্যাকেজে খাবারের জন্য ২৯ হাজার টাকা রাখা হয়েছে।
২০২৭ সালের হজযাত্রীদের বিমান ভাড়াও কমানোর কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। আগামী বছর তা ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ধর্মমন্ত্রী বলেন, সাধারণত সময়ের সঙ্গে বিভিন্ন সেবার ব্যয় বাড়লেও হাজীদের সুবিধার কথা বিবেচনা করে এবার হজ প্যাকেজ ও বিমান ভাড়া কমানো হয়েছে। তার মতে, হজের ব্যয় কমানোর ক্ষেত্রে সরকারের এ উদ্যোগ একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত।
২০২৬ সালের সরকারি হজ ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৩৮১ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছিলেন বলেও সংসদে জানান ধর্মমন্ত্রী। বিভিন্ন খাতে নির্ধারিত অর্থের চেয়ে কম ব্যয় হওয়ায় হিসাব শেষে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা উদ্বৃত্ত থাকে।
তিনি জানান, কোনো মধ্যস্থতাকারী ছাড়াই বিএফটির মাধ্যমে ওই অর্থ সরাসরি সংশ্লিষ্ট হাজীদের ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হয়েছে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার কারণেই এ অর্থ ফেরত দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।
২০২৬ সালের হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্ব, নির্দেশনা ও নিয়মিত তদারকির মাধ্যমে এবারের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সৌদি আরবের হজমন্ত্রীও বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন বলে জানান তিনি।
ধর্মমন্ত্রী বলেন, হাজীদের সেবা করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। মানবিকতা, সততা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার ভিত্তিতে হাজীদের সেবার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com