ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:৪৯ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

শেখ হাসিনাকে ‘ধরে আনতে’ চায় সরকার: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান

প্রকাশিত : ০৫:৪৯ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

নিউজ ডেস্ক :

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকার আগ্রহী নয়—এমন আলোচনা সঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং তাকে ‘ধরে আনতে’ চায়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি শর্ত হিসেবে আলোচনায় আসায় সরকার এটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনাকে স্বেচ্ছায় দেশে আসার পরিবর্তে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার অবস্থানেই রয়েছে সরকার।

শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, তিনি একজন পলাতক আসামি এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, তার আপিলের সুযোগও সীমিত হয়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সামনে আসবে। তাই সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার প্রসঙ্গও উঠে আসে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে বাংলাদেশ থেকে যাওয়া অন্য ব্যক্তিদের ক্ষেত্রেও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, এমন পরিস্থিতির মধ্যে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দিতে দেখা বাংলাদেশের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের কাছে প্রশ্ন তোলারও আহ্বান জানান তিনি।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, একদিকে ভারত থেকে ইতিবাচক বার্তা ও কিছু সংকেত পাওয়া যাচ্ছে, অন্যদিকে কিছু ঘটনা সেই ইতিবাচক অবস্থানকে নেতিবাচক করে তুলছে। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের পরিবেশ তৈরি করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে পাঠানো প্রতিবাদপত্রের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভারত বাংলাদেশের সরকারের সঙ্গে কতটা কার্যকরভাবে সম্পৃক্ত হতে চায়, সে বিষয়ে বাংলাদেশকে নিশ্চিত হতে হবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com