বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ভলকার টুর্ক
বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের ওপর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।
সোমবার (৭ সেপ্টেম্বর) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গে এ আহ্বান জানান তিনি।
ভলকার টুর্ক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন একটি প্রতিষ্ঠান প্রয়োজন।
২০২৪ সালের জুলাই-আগস্টের বিক্ষোভ ঘিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে ৪৪টি সুপারিশের কথাও উল্লেখ করেন তিনি। এসব সুপারিশের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বাধীন তদন্ত, বেসামরিক নজরদারি জোরদার এবং জাতীয় মানবাধিকার কমিশনকে আরও কার্যকর ও ক্ষমতাবান করার বিষয়গুলো রয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জানান, সবার জন্য সুফল নিশ্চিত করে—এমন অন্তর্ভুক্তিমূলক সামাজিক ও অর্থনৈতিক নীতি এগিয়ে নিতে মধ্য এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে জাতিসংঘের কার্যক্রম অব্যাহত থাকবে।
বক্তব্যে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়েও কথা বলেন ভলকার টুর্ক। তিনি বলেন, মিয়ানমারের সংকটের বিরূপ প্রভাব দেশটির আশপাশের অঞ্চলসহ বাংলাদেশেও পড়েছে।
তার মতে, রাখাইনে রোহিঙ্গা সংকট ব্যাপক ও পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘনের ফল। নির্বিচার গ্রেপ্তার, নিপীড়ন, যৌন সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির মতো ঘটনাগুলো এ মানবিক বিপর্যয়ের অন্যতম কারণ।
রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের জন্য মিয়ানমারের পাশাপাশি আরাকান আর্মিরও দায় রয়েছে বলে মন্তব্য করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com