যুদ্ধ পরিস্থিতিতে গ্যাসের সরবরাহ ও মজুদ কমে যাওয়ায় জরুরি ভিত্তিতে এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের প্রভাবে আমদানি করা গ্যাসের সরবরাহ ও মজুদ কমে যাওয়ায় জরুরি ভিত্তিতে এলএনজি ও জ্বালানি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে ফরাসি বহুজাতিক জ্বালানি কোম্পানি টোটাল এনার্জিসের কাছ থেকে ১৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি অর্থবছরের অক্টোবর থেকে আগামী জুন পর্যন্ত প্রতি মাসে দুটি করে এলএনজি কার্গো আমদানি করা হবে।
প্রয়োজনে উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির নীতিগত অনুমোদনও দিয়েছে কমিটি। এর আগে গত আগস্টে দরপত্র ছাড়াই কয়েক দফায় ২২ কার্গো এলএনজি এবং ৫ হাজার টন এলপিজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এদিকে একই দিনে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ডিজেল, ফার্নেস অয়েল ও জেট ফুয়েল আমদানির একাধিক প্রস্তাবও ওঠে।
এর মধ্যে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড থেকে ২ লাখ ২০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার টন ডিজেল এবং ৫০ হাজার টন জেট ফুয়েল কেনার প্রস্তাব রয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার ৮০৩ কোটি টাকা।
অন্যদিকে ভাইটল এশিয়া থেকে ২ লাখ থেকে ২ লাখ ৩০ হাজার টন ডিজেল এবং ৪০ হাজার টন জেট ফুয়েল কেনার প্রস্তাব করা হয়েছে। এ খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩২৬ কোটি টাকা।
এ ছাড়া ইউনিপে সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ২৫ হাজার থেকে ৩০ হাজার টন ডিজেল কেনার প্রস্তাব রয়েছে, যার মূল্য প্রায় ৭৯২ কোটি টাকা। ভাইটল এশিয়া থেকে আরও ৫০ হাজার থেকে ৭৫ হাজার টন ডিজেল আমদানির জন্য প্রায় ১ হাজার ১৯০ কোটি টাকা এবং ট্রাফিগুরা থেকে ৭৫ হাজার থেকে ১ লাখ টন ফার্নেস অয়েল কেনার জন্য প্রায় ৮০১ কোটি টাকার প্রস্তাবও রয়েছে।
তবে এসব জ্বালানি কেনার ক্ষেত্রে প্রস্তাবিত প্রিমিয়াম ও রেফারেন্স মূল্য নিয়ে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হবে। পরে নির্ধারিত মূল্য পরবর্তী মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করার সিদ্ধান্ত হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com