উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্লী রানী (বামে) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত। ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত নিজের মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্লী রানী মোদককে দায়ী করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টটি ছড়িয়ে পড়ার পর ইউএনওর ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, এসিল্যান্ডের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ‘AC Land Jamalganj’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এসিল্যান্ডের বাসায় যান। একপর্যায়ে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে জামালগঞ্জ উপজেলায় যোগদান করেন আরিফুর রহমান শান্ত। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে বসবাস করছিলেন।
ইউএনও শিল্লী রানী মোদকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসিল্যান্ডের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে মন্তব্য করেন।
ইউএনও জানান, শুক্রবার রাতে তার তিন বছর বয়সী মেয়ের জন্মদিন উপলক্ষে বাসায় কেক কাটার আয়োজন ছিল। সেখানে এসিল্যান্ডের স্ত্রীও উপস্থিত ছিলেন। সেখান থেকে চলে যাওয়ার পরই ফেসবুকে পোস্টটি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
শিল্লী রানী মোদকের ভাষ্য, পরে পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এসিল্যান্ডের বাসায় গিয়ে তাকে অস্বাভাবিক আচরণ করতে দেখেন। এরপর তার স্ত্রী তাকে চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি পরিবারের তত্ত্বাবধানে ঢাকায় রয়েছেন বলে জানান ইউএনও।
ইউএনও আরও অভিযোগ করেন, ওই রাতে এসিল্যান্ড একজন আনসার সদস্যকে মারধর করেন এবং তার তিন বছর বয়সী মেয়েকে মেরে ফেলার হুমকি দেন। এ ছাড়া রাস্তায় বিভিন্ন ব্যক্তির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও করেন তিনি। এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান বলেন, পরিবারের কাছ থেকে তারা জানতে পেরেছেন, এসিল্যান্ড আগে থেকেই শারীরিক বা মানসিক সমস্যায় ভুগছিলেন। তার স্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, কয়েক দিন আগে জামালগঞ্জে একটি শিশুর মৃত্যুর ঘটনায় এসিল্যান্ড দায়িত্ব পালন করেছিলেন। এরপর থেকে তার শারীরিক বা মানসিক অবস্থার অবনতি হয়েছে বলে পরিবার জানিয়েছে।
বর্তমানে তিনি পরিবারের তত্ত্বাবধানে রয়েছেন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com