ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১০:১৭ এএম, ২৪ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, লাশ দাফনে জামায়াত নেতৃত্ববৃন্দের বাধা

প্রকাশিত : ১০:১৭ এএম, ২৪ অক্টোবর ২০২৬

সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী মানিক পশারী।

ডিজিটাল রিপোর্ট :

প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী মানিক পশারী মারা গেছেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে গোপালগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে ৮৭ বছর বয়সে তার মৃত্যু হয়। তবে তার মরদেহ দাফন এবং রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি একজন গেজেটেড মুক্তিযোদ্ধা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা মানিক পশারী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের বাড়িতে আশ্রয় নেন। গত দুই মাস ধরে তিনি অসুস্থ ছিলেন। শনিবার সেখানেই তার মৃত্যু হয়। পরে মরদেহ পিরোজপুরে নিয়ে আসা হয়।

মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হলে সেখানে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে উপজেলা প্রশাসন মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি পুলিশি পাহারায় পিরোজপুর পুলিশ লাইনে নিয়ে যায়। নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে সাংবাদিকসহ অন্যদের প্রবেশে বাধা দেওয়া হয়।

পরে মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়েছে বলে প্রশাসনের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে কখন ও কোথায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

স্থানীয় সূত্রের দাবি, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর বাড়িতে দাফনের উদ্যোগ নেওয়া হলে আবারও স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হয়ে বাধা দেন। পুলিশ লাইন থেকে শংকরপাশা যাওয়ার বিভিন্ন পয়েন্টেও তাদের জড়ো হওয়ার খবর পাওয়া যায়।

পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, মানিক পশারী একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তাকে গার্ড অব অনার দিতে দেওয়া হবে না এবং পিরোজপুরের মাটিতে তার মরদেহ দাফন করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিরোজপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীমও জানান, মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়েছে।

শনিবার রাত ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মানিক পশারীর দাফন কোথায় হবে, তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলেও নিরাপত্তার কারণে পরিবারের পক্ষে তা নিজ এলাকায় নেওয়া সম্ভব হয়নি বলে সূত্র জানিয়েছে।

মামলার পটভূমি

২০০৯ সালের ১২ আগস্ট মানিক পশারী পিরোজপুর থানায় দেলাওয়ার হোসাইন সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেন। পরবর্তী সময়ে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে মূল মামলার সঙ্গে যুক্ত করা হয়। ওই মামলায় পরবর্তী সময়ে রায় দেওয়া হয়।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com