১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে। পর্যটকদের যাতায়াত ও ভ্রমণ নির্বিঘ্ন করতে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি দ্বীপটির পরিবেশ সংরক্ষণে বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকার।
রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন এবং আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত ও ভ্রমণের বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
ভ্রমণের সময়সীমা
নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত ও ভ্রমণ করতে পারবেন।
জাহাজ চলাচল
টেকনাফের পরিবর্তে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর দ্বীপে যাতায়াতের জন্য নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না।
প্রতিদিন সর্বোচ্চ ৩৫০০ পর্যটক
দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকের সংখ্যা সীমিত রাখা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, সেন্টমার্টিনে দৈনিক গড়ে ৩ হাজার ৫০০ জনের বেশি পর্যটক ভ্রমণ করতে পারবেন না।
দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি
সেন্টমার্টিনে ভ্রমণের জন্য প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি ২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৩ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের অন্যান্য নির্দেশনাও বহাল থাকবে।
সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, কক্সবাজারের পুলিশ সুপার ও ট্যুরিস্ট পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com