অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান।
অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। নিউ সাউথ ওয়েলসের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন এলিজা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্যামডেন সিটি কাউন্সিলের সভাকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে ডেপুটি মেয়র নির্বাচিত হন এলিজা আজাদ।
তার নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। বাংলাদেশি কমিউনিটির নেতারাও তাকে অভিনন্দন জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার প্রেস বাংলা মিডিয়ার প্রেসিডেন্ট ও বাংলাদেশি কমিউনিটি নেতা রহমাতউল্লাহ এলিজার এই সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, বহুজাতিক ও মাল্টিকালচারাল অস্ট্রেলিয়ায় তার এই অর্জন বাংলাদেশিদের জন্য গর্বের। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মকে মূলধারার কর্মকাণ্ড ও রাজনীতিতে যুক্ত হতে এটি উৎসাহিত করবে বলে তিনি মনে করেন।
এলিজা আজাদ সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করা সহজ ছিল না। তার প্রত্যাশা, ভবিষ্যতে আরও বেশি নারী রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে এগিয়ে আসবেন।
এই পথচলায় স্বামী, সন্তান ও পরিবারের সদস্যদের কাছ থেকে নিরবচ্ছিন্ন সহযোগিতা পেয়েছেন বলেও জানান এলিজা। পাশাপাশি বাংলাদেশি কমিউনিটিসহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর সমর্থনকে নিজের অন্যতম বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন তিনি।
এলিজার নির্বাচনে সিডনির বাংলাদেশি কমিউনিটিতেও আনন্দের সৃষ্টি হয়েছে। ডেনহ্যাম কোর্টের বাসিন্দা বোরহান খান লিমন বলেন, এলিজা দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে মানুষের সঙ্গে কাজ করছেন। ডেপুটি মেয়র হিসেবে তার নতুন দায়িত্ব প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি তুলে ধরার পাশাপাশি স্থানীয় উন্নয়নেও ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।
এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল এবং মাসুদ খলিল ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আরেক বাংলাদেশি মাসুদ চৌধুরী ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com