ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৮:৩২ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

এআই নিয়ন্ত্রণের দাবিতে রোবটদের অভিনব বিক্ষোভ পোল্যান্ডে

প্রকাশিত : ০৮:৩২ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬

এআই নিয়ন্ত্রণের দাবিতে পোল্যান্ডের ওয়ারশতে রোবটদের অভিনব বিক্ষোভ।

আন্তর্জাতিক ডেস্ক :

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবট প্রযুক্তির দ্রুত বিস্তারের প্রভাব নিয়ে আলোচনার পাশাপাশি এর নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়নের দাবিতে অভিনব বিক্ষোভ হয়েছে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে। বিক্ষোভে অংশ নেয় প্রায় ৩০টি রোবট।

সোমবার (৭ সেপ্টেম্বর) ওয়ারশতে ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয়ের সামনে রোবটগুলো হাতে পতাকা নিয়ে স্লোগান দেয় এবং গোল হয়ে হাঁটে। বিক্ষোভের আয়োজক ছিল ‘ডেমোক্র্যাটিজম’ নামের একটি সংগঠন।

আয়োজকদের ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটকরণ কীভাবে মানুষের কর্মসংস্থান এবং শ্রমবাজারে প্রভাব ফেলছে, সে বিষয়ে জনমনে সচেতনতা ও আলোচনা তৈরি করাই ছিল এই আয়োজনের উদ্দেশ্য।

বিক্ষোভে বিভিন্ন ধরনের রোবট দেখা যায়। এর মধ্যে ছিল দুই পায়ে হাঁটতে সক্ষম মানবাকৃতির রোবট এবং কুকুরের মতো দেখতে চার পায়ের রোবট। লাউডস্পিকারে বাজানো হচ্ছিল—‘কর্মসংস্থান রক্ষা করো’, ‘নিয়ম চাই’ এবং দ্রুত এআই নিয়ন্ত্রণের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান।

এজিবট এ৩ নামের একটি মানবাকৃতির এআই রোবট এএফপিকে জানায়, বিক্ষোভে অংশ নেওয়া রোবটগুলো মূলত দেখাতে চায় যে এ ধরনের প্রযুক্তি এখন আর কল্পনার বিষয় নয়; এটি বাস্তবে মানুষের সামনে উপস্থিত।

আয়োজক গ্রেগোর্জ কুলিস বলেন, মানবাকৃতির রোবট এবং এআইয়ের মাধ্যমে মানুষের বুদ্ধিবৃত্তিক কাজ প্রতিস্থাপনের সম্ভাবনা নিয়ে দ্রুত আলোচনা প্রয়োজন। তার মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়নের ওপরও জোর দেন তিনি।

কুলিস জানান, বিক্ষোভে রোবট ব্যবহারের অন্যতম উদ্দেশ্য ছিল মানুষের দৃষ্টি আকর্ষণ করা এবং প্রযুক্তিগুলোর বর্তমান সক্ষমতা সরাসরি তুলে ধরা। তার ভাষ্য, রোবটগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে চলাফেরা করতে পারছে এবং এমনকি বিক্ষোভেও অংশ নিতে সক্ষম।

বিক্ষোভস্থলে উপস্থিত হন পোল্যান্ডের ডিজিটাল বিষয়ক মন্ত্রী ক্রিশতফ গাভকোভস্কি। তিনি কুলিসের সঙ্গে কথা বলেন। মন্ত্রী বলেন, মানবাকৃতির রোবটে ব্যবহৃত নিয়ন্ত্রণহীন এআই মডেল এবং ক্রমবর্ধমান রোবটকরণ ভবিষ্যতে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে।

গ্রেগোর্জ কুলিস নিজে একটি রোবোটিকস প্রতিষ্ঠানের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) এবং একটি নিয়োগ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এর আগে তিনি পরিবার, শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়ের শ্রমবাজার কাউন্সিলে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন।

কুলিস বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি সম্পর্কে সমাজকে সচেতন করা তাদের দায়িত্ব। একই সঙ্গে প্রযুক্তির এই দ্রুত পরিবর্তন ব্যক্তিগতভাবেও তাকে উদ্বিগ্ন করে বলে জানান তিনি।

এর আগে গত জুলাইয়ে পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কি একটি আইনে স্বাক্ষর করেন। ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাবিত ওই আইনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের এআই আইন দেশটিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। এর আওতায় একটি জাতীয় কর্তৃপক্ষ গঠন করা হয়েছে, যা ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান এআই-সংক্রান্ত বিধিনিষেধ কার্যকর করতে পারবে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com