ঢাকা, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:২২ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

আশির দশকের আবহে এআই ছবি বানাবেন যেভাবে, রইল ৫টি প্রম্পট

প্রকাশিত : ০৯:২২ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের সাহায্যে আশির দশকের আবহে তৈরি করা ছবি। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

আশির দশক যেন আবার ফিরে এসেছে—তবে এবার পুরোনো অ্যালবামে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের তৈরি ছবিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ট্রেন্ডে বর্তমান সময়ের ছবিকে এমনভাবে রূপ দেওয়া হচ্ছে, যেন সেটি কয়েক দশক আগে অ্যানালগ ক্যামেরায় তোলা।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে আশির দশকের পোশাক, চুলের স্টাইল, পুরোনো ফটোস্টুডিও, বসার ঘর কিংবা রাস্তার দৃশ্যের আদলে তৈরি ছবি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কেউ নিজেকে দেখাচ্ছেন আশির দশকের সিনেমার চরিত্রের মতো, আবার কারও ছবিতে উঠে আসছে পুরোনো টেলিভিশন, ভিডিও ক্যাসেটের দোকান, আর্কেড গেম কিংবা সেই সময়ের ঘর সাজানোর ধরন।

শুধু পোশাক বা পটভূমি পরিবর্তন করলেই থেমে থাকছে না এই ট্রেন্ড। ছবিতে যোগ করা হচ্ছে অ্যানালগ ফিল্মের দানাদার টেক্সচার, হালকা ঝাপসা ভাব, মৃদু আলো এবং পুরোনো ছবির মতো রঙ। ফলে বর্তমান সময়ে তোলা ছবিও সহজেই আশির দশকের স্মৃতির মতো দেখাচ্ছে।

পুরোনো ছবি থাকা জরুরি নয়

এই ট্রেন্ডের সবচেয়ে সুবিধাজনক দিক হলো, আশির দশকের কোনো আসল ছবি হাতে থাকা বাধ্যতামূলক নয়। নিজের বর্তমান সময়ের একটি ছবিই ব্যবহার করা যায়।

এআই টুলে নির্দিষ্ট নির্দেশনা বা প্রম্পট দেওয়ার মাধ্যমে পোশাক, চুলের ধরন, গয়না, পরিবেশ, আলো, ক্যামেরার ধরন ও ছবির রঙ বদলে নেওয়া সম্ভব। চাইলে ব্যক্তির মুখ ও পরিচয় অপরিবর্তিত রেখে শুধু সময়কাল ও আশপাশের পরিবেশকে আশির দশকের মতো করে তোলা যায়।

প্রযুক্তির পাশাপাশি এ প্রবণতার সঙ্গে নস্টালজিয়ার বিষয়টিও জড়িয়ে আছে। বর্তমানের অতিমাত্রায় ডিজিটাল জীবনের বাইরে পুরোনো সময়ের পোশাক, ফটোগ্রাফি ও পরিবেশকে নতুন করে দেখার সুযোগ দিচ্ছে এআই। ফলে যারা আশির দশক নিজের চোখে দেখেননি, তারাও সেই সময়ের আবহে নিজেদের কল্পনা করতে পারছেন।

ChatGPT দিয়ে কীভাবে ছবি বানাবেন

ChatGPT-তে আশির দশকের আবহের ছবি তৈরি করতে প্রথমে নিজের একটি ছবি আপলোড করতে হবে। এরপর ছবিটিকে ১৯৮০-এর দশকের কোনো নির্দিষ্ট পরিবেশ বা স্টাইল অনুযায়ী পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া যায়।

প্রম্পটে যত বেশি নির্দিষ্ট তথ্য থাকবে, কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে। যেমন—চুলের স্টাইল, পোশাক, গয়না, পটভূমি, আলোর ধরন, ক্যামেরার লুক, ফিল্ম গ্রেইন বা ছবির রঙ কেমন হবে, তা উল্লেখ করা যেতে পারে।

চাইলে আশির দশকের বলিউড স্টুডিও, পুরোনো পারিবারিক অ্যালবাম, ভিন্টেজ ম্যাগাজিন শুট কিংবা সেই সময়ের নায়ক-নায়িকার স্টাইলের মতো নির্দিষ্ট ধারণাও দেওয়া যায়।

আশির দশকের ছবি তৈরির কয়েকটি প্রম্পট

১. আশির দশকের বলিউড স্টুডিও পোর্ট্রেট

এই ছবিটিকে ১৯৮০-এর দশকের একটি বাস্তবসম্মত বলিউড স্টুডিও পোর্ট্রেটে রূপ দিন। ব্যক্তির মুখের গড়ন, পরিচয় ও স্বাভাবিক বৈশিষ্ট্য অপরিবর্তিত রাখুন। পোশাক, চুলের স্টাইল ও আনুষঙ্গিক উপকরণে আশির দশকের ভারতীয় ফ্যাশনের ছাপ রাখুন। উষ্ণ স্টুডিও লাইট, সফট ফোকাস, সূক্ষ্ম ফিল্ম গ্রেইন এবং সামান্য বিবর্ণ অ্যানালগ রঙ ব্যবহার করুন। ছবিটি যেন আধুনিক ছবিতে শুধু ভিন্টেজ ফিল্টার দেওয়ার মতো না দেখায়; বরং মনে হয় এটি সত্যিই ১৯৮০-এর দশকে অ্যানালগ ক্যামেরায় তোলা।

২. আশির দশকের হলিউড স্টাইল

এই ছবিটিকে ১৯৮০-এর দশকের গ্ল্যামারাস হলিউড স্টুডিও পোর্ট্রেটের আদলে তৈরি করুন। মুখের গড়ন ও পরিচয় একই রাখুন। আশির দশকের উপযোগী হেয়ারস্টাইল, মেকআপ ও পোশাক ব্যবহার করুন। নাটকীয় স্টুডিও লাইটিং, সফট ফোকাস, সূক্ষ্ম অ্যানালগ ফিল্ম গ্রেইন এবং পুরোনো ক্যামেরার স্বাভাবিক রঙ ব্যবহার করুন। অতিরিক্ত সেপিয়া বা কৃত্রিম ভিন্টেজ এফেক্ট ব্যবহার করবেন না।

৩. আশির দশকের পারিবারিক অ্যালবাম

ছবিটিকে এমনভাবে পুনর্নির্মাণ করুন, যেন এটি ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে কোনো ভারতীয় পরিবারের অ্যালবামে তোলা হয়েছিল। ব্যক্তির মুখ ও স্বাভাবিক অভিব্যক্তি অপরিবর্তিত রাখুন। আশির দশকের পোশাক, চুলের ধরন ও ঘরের পরিবেশ যোগ করুন। অ্যানালগ ক্যামেরার সূক্ষ্ম গ্রেইন, মৃদু আলো, স্বাভাবিক ফিল্ম কালার ও সামান্য পুরোনো ছবির টেক্সচার রাখুন। আধুনিক ডিজিটাল ছবির অতিরিক্ত পরিষ্কার বা কৃত্রিম লুক এড়িয়ে চলুন।

৪. আশির দশকের বলিউড নায়িকার সাজ

এই ছবিটিকে ১৯৮০-এর দশকের একজন গ্ল্যামারাস বলিউড নায়িকার স্টুডিও পোর্ট্রেটের মতো তৈরি করুন। মুখের পরিচয় ও গড়ন অপরিবর্তিত রাখুন। চুলে আশির দশকের ভলিউমযুক্ত স্টাইল দিন। রঙিন শাড়ি, নজরকাড়া গয়না এবং ক্ল্যাসিক ভারতীয় স্টুডিও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করুন। উষ্ণ আলো, সফট ফোকাস, অ্যানালগ ফিল্ম গ্রেইন এবং পুরোনো বলিউড প্রচারমূলক ছবির স্বাভাবিক আবহ রাখুন।

৫. আশির দশকের বলিউড নায়কের লুক

এই ছবিটিকে ১৯৮০-এর দশকের একজন বলিউড নায়কের স্টুডিও পোর্ট্রেট হিসেবে পুনর্নির্মাণ করুন। ব্যক্তির মুখ ও পরিচয় অপরিবর্তিত রাখুন। আশির দশকের উপযোগী চুলের স্টাইল, প্রয়োজনে গোঁফ, ঢিলেঢালা বা শার্ট-ইন করা পোশাক, হাই-ওয়েস্টেড ট্রাউজার এবং ক্ল্যাসিক স্টুডিও ব্যাকড্রপ যোগ করুন। উষ্ণ আলো, হালকা ফিল্ম গ্রেইন ও সামান্য বিবর্ণ অ্যানালগ রঙ ব্যবহার করুন। ছবিটি যেন সত্যিই ১৯৮০-এর দশকের ক্যামেরায় তোলা মনে হয়।

ছবি বানানোর পর

তৈরি করা ছবি চাইলে ইনস্টাগ্রাম স্টোরিজ বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা যায়। একই ট্রেন্ডে অন্যদের যুক্ত করতে ইনস্টাগ্রামের ‘অ্যাড ইওরস’ ধরনের ফিচারও ব্যবহার করা যেতে পারে।

তবে এআই দিয়ে ছবি তৈরির সময় নিজের বা অন্যের পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি করতে পারে—এমন পরিবর্তন এড়িয়ে চলা ভালো। বিশেষ করে বাস্তব ব্যক্তিকে এমন কোনো পরিস্থিতিতে দেখানো উচিত নয়, যা বাস্তবে ঘটেনি কিন্তু ছবিটি দেখে সত্য ঘটনা বলে মনে হতে পারে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস ও হিন্দুস্তান টাইমস অবলম্বনে

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com