ঢাকা, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:৪১ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

সিলেটে চুরির অভিযোগে তরুণীকে শিকল বেঁধে টেনে নেওয়া, গ্রেপ্তার ৩

প্রকাশিত : ১০:৪১ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে তরুণীর কোমরে শিকল বেঁধে সড়কে টেনে নেওয়ার অভিযোগ। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

নিউজ ডেস্ক :

সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় চুরির চেষ্টার অভিযোগে ২০ বছর বয়সী এক তরুণীর কোমরে শিকল বেঁধে সড়কে টেনে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। পরে ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শাহজালাল উপশহরের বি-ব্লক মসজিদ মার্কেট এলাকায় তরুণীকে শিকল দিয়ে বেঁধে হাঁটানো হয়। এর আগে সন্ধ্যা ৭টার দিকে একটি দোকানের ক্যাশবাক্স থেকে টাকা নেওয়ার চেষ্টা করার অভিযোগে স্থানীয় ব্যবসায়ী ও কয়েকজন ব্যক্তি তাকে আটক করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বোরকা পরা ওই তরুণীর কোমরে শিকল ও তালা লাগানো। একজন ব্যক্তি শিকল ধরে তাকে সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় তরুণী কাঁদতে কাঁদতে হাত ও কাপড় দিয়ে মুখ ঢাকার চেষ্টা করছিলেন। সঙ্গে থাকা কয়েকজনকে তাকে কাঁদতে নিষেধ করতেও শোনা যায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মনজুরুল আলম জানান, ওই তরুণী একটি দোকানের ক্যাশবাক্সে হাত দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে তিনি কোনো টাকা নিতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করার কথা জানান। পরে পুলিশ সেখান থেকে চলে আসে।

রাত ১১টার দিকে ব্যবসায়ীরা আবার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে থানায় নিয়ে যায়। তবে চুরির অভিযোগে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, তরুণী চুরির চেষ্টা করে থাকলেও তাকে পুলিশের কাছে না দিয়ে শিকল দিয়ে বেঁধে রাস্তায় হাঁটিয়ে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে ওই দোকানে চুরির চেষ্টার অভিযোগের একটি সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে। ফুটেজে দেখা যায়, বোরকা পরা তিনজন নারী দোকানে প্রবেশ করেন। সে সময় দোকানে থাকা একটি শিশু তাঁদের বিভিন্ন পণ্য দেখাচ্ছিল। পরে দুজন শিশুটির সঙ্গে দোকানের সামনের দিকে গেলে অন্য একজন দোকানের ভেতরে গিয়ে ক্যাশবাক্স টান দেন। তবে ক্যাশবাক্স থেকে তিনি কোনো টাকা নিয়েছেন কি না, ফুটেজে তা স্পষ্ট নয়।

ঘটনার পর পুলিশ ওই তরুণীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহজালাল উপশহর এলাকার দোকান মালিক জাকির হোসেন (৪৩), তাঁর ভাই মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার বোরহান উদ্দিন (৪৫)।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, তিনজনকে আটকের পর পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় তরুণীকে আটকে রেখে নির্যাতন, শ্লীলতাহানি এবং ওই ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, তরুণীকে আদালতে পাঠানোর পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নিজ বাড়িতে ফিরে গেছেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com