ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:৫৫ এএম, ১৪ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

ঢাকায় অঞ্চলভিত্তিক রিকশা চলাচল, লাইসেন্স ছাড়া চলবে না ব্যাটারিচালিত রিকশা

প্রকাশিত : ০৬:৫৫ এএম, ১৪ আগস্ট ২০২৬

ঢাকায় অঞ্চলভিত্তিক রিকশা চলাচল, লাইসেন্স ছাড়া চলবে না ব্যাটারিচালিত রিকশা

নিউজ ডেস্ক :

অঞ্চলভিত্তিক রিকশা চলাচল, লাইসেন্স ছাড়া ঢাকায় চলবে না

রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও ব্যাটারিচালিত রিকশাসহ গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অঞ্চলভিত্তিক রিকশা চলাচল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

তিনি জানান, ঢাকা শহরকে কয়েকটি অঞ্চলে ভাগ করে নির্দিষ্ট এলাকার রিকশাকে ওই এলাকার মধ্যেই চলাচলের সুযোগ দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী দিন ও সড়কভিত্তিক বিধিনিষেধও আরোপ করা হতে পারে।

ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমানে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশা উল্টো দিকসহ নানা অনিয়মে চলাচল করছে। অনেক চালক ট্রাফিক আইন ও চলাচলের শৃঙ্খলা মানছেন না। এতে নগরীর যানজট আরও বাড়ছে।

রিকশা ব্যবস্থাপনাকে কাঠামোর মধ্যে আনতে নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, লাইসেন্স ছাড়া কেউ ঢাকার রাস্তায় রিকশা চালাতে পারবেন না।

আব্দুস সালাম বলেন, ‘ডেমরার একটা রিকশা কোনোভাবেই নিউ মার্কেটে যেতে পারবে না।’ অঞ্চলভেদে রিকশার চলাচল সীমিত করার পাশাপাশি কিছু সড়কে নির্দিষ্ট দিন এবং সময়ে চলাচলের সুযোগ দেওয়া হতে পারে। আবার কিছু সড়কে রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তিনি আরও বলেন, কেরানীগঞ্জ থেকে ঢাকায় এসে কিংবা ডেমরা থেকে নদী পার হয়ে রিকশা নিয়ে অন্য এলাকায় যাওয়ার সুযোগ থাকবে না। একইভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার রিকশাও নির্বিচারে দক্ষিণ সিটির এলাকায় চলাচল করতে পারবে না।

রিকশা ঢাকায় আসার প্রবণতা বেড়েছে

ডিএসসিসি প্রশাসকের ভাষ্য, বন্যা, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ জীবিকার সন্ধানে ঢাকায় আসছেন। কেউ রিকশা চালাচ্ছেন, আবার কেউ ভ্যান নিয়ে পণ্য বিক্রি করছেন। এভাবে অনিয়ন্ত্রিতভাবে ঢাকামুখী মানুষের প্রবেশ নগরের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

তিনি বলেন, গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশা ঢাকায় প্রবেশের প্রবণতাও বেড়েছে। এসব রিকশাকে একটি নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে আনতে সময় লাগবে এবং এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রয়োজন।

এ ধরনের ব্যবস্থা বাস্তবায়নে প্রয়োজনীয় আইন ও বিধিবিধান প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন প্রণয়ন করে সিটি করপোরেশনের কাছে পাঠানোর পর তা বাস্তবায়ন করা হবে।

বাস চলাচলেও শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ

রিকশার পাশাপাশি বাস চলাচলেও শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান আব্দুস সালাম। যত্রতত্র বাস থামানো ও যাত্রী ওঠানামা বন্ধ করে নির্দিষ্ট স্থানে বাস থামানো এবং যাত্রী ওঠানামার ব্যবস্থা চালুর চেষ্টা চলছে।

পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সময় দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কয়েক মাসের মধ্যে নগরীর পরিবহন ব্যবস্থা অনেকটাই নিয়মের মধ্যে নিয়ে আসা সম্ভব হবে।

ই-রিকশার জন্য নীতিমালা হচ্ছে

এদিকে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর আলোকে ই-রিকশা ব্যবস্থাপনার জন্য নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

নীতিমালা কার্যকর হলে যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি লাইসেন্স ও নিবন্ধনের মাধ্যমে সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে জানান প্রতিমন্ত্রী।

এ জন্য বিদ্যমান বিধিমালা সময়োপযোগী করে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জন্য সমন্বিত লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com