ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা নিয়ে চলছে শেষ মুহূর্তের আলোচনা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা নিয়ে জোর আলোচনা চলছে। দলীয় সূত্র জানিয়েছে, শুক্রবার (১৪ আগস্ট) বিকেলের পর যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকেই নতুন কমিটি গঠন নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে। সম্ভাব্য নেতাদের বিষয়ে যাচাই-বাছাই ও নানা দিক বিশ্লেষণ করা হচ্ছে। সবকিছু চূড়ান্ত হলে কমিটি ঘোষণা করা হবে।
দলীয় সূত্রের দাবি, সিনিয়র কমিটি হলে সভাপতি পদে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও আমানুল্লাহ আমানের নাম আলোচনায় রয়েছে। আর জুনিয়র কমিটি হলে আমানুল্লাহ আমান ও নাহিদুজ্জামান শিপনের অবস্থান শক্ত বলে জানা গেছে।
এ ছাড়া আলোচনায় রয়েছেন ইজ্জাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, খোরশেদ আলম সোহেল, মমিনুল ইসলাম জিসান, কাজী জিয়াউদ্দিন বাসেত, গণেশ চন্দ্র রায় সাহস ও আবিদুল ইসলাম খান।
উত্তরাঞ্চল থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনোয়ার পারভেজের নামও আলোচনায় রয়েছে।
এখন মূল অপেক্ষা, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কার হাতে ছাত্রদলের নতুন নেতৃত্বের দায়িত্ব তুলে দেন।
এর আগে তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছাত্ররাজনীতির অধ্যায়ের বিদায়ের ইঙ্গিত দিয়ে তারা বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোদ্ধা ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com