ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৩৭ এএম, ১৪ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

নতুন কমিটির অপেক্ষায় ছাত্রদল, তারেক রহমানের সঙ্গে শীর্ষ নেতাদের বিদায়ী সাক্ষাৎ

প্রকাশিত : ১২:৩৭ এএম, ১৪ আগস্ট ২০২৬

তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ছাত্রদলের শীর্ষ নেতারা

নিউজ ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব আসার আলোচনা চলছে। যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা।

সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। পোস্টে তিনি ছাত্ররাজনীতির দীর্ঘ পথচলার ‘সোনালী অধ্যায়’ শেষ হওয়ার ইঙ্গিত দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাকিব লেখেন, ‘অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’

দীর্ঘ দায়িত্ব পালনের সময়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সদ্য পদত্যাগ করা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতাদের দিকনির্দেশনা ও সহযোগিতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ছাত্রদল সভাপতি।

নিজের মেয়াদে রাকিব-নাছির কমিটির ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। রাকিবের ভাষ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে রাজপথে ভূমিকা পালন, পরবর্তী সময়ে বিভিন্ন ক্যাম্পাসে ‘মব’ পরিস্থিতি মোকাবিলা এবং কোনো অনাকাঙ্ক্ষিত বিতর্কে না জড়িয়ে সততার সঙ্গে নেতৃত্ব দেওয়া ছিল তাঁদের অন্যতম প্রধান অর্জন।

দায়িত্ব পালনকালে নিজের অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করেন রাকিব। একই সঙ্গে নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান তিনি।

ছাত্রদলের রাজপথের দীর্ঘ পথচলাকে আরও সুসংগঠিত করতে আগামী দিনের নেতৃত্ব যার হাতেই আসুক, নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বিদায়ী ছাত্রদল সভাপতি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com