ডা. তাসনিম জারা—নাম ও ছবি ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপনের অভিযোগ করেছেন তিনি।
‘সেক্স ডাক্তার’ ও ‘যৌন ডাক্তার’ বলে দীর্ঘদিন ধরে তাকে হেয় ও বিব্রত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন নারী চিকিৎসক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। পাশাপাশি তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ওষুধ, স্লিমিং পণ্য এবং বিভিন্ন চিকিৎসাসেবা বিক্রির অভিযোগও করেছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
পোস্টে তাসনিম জারা দাবি করেন, বেশ কিছুদিন ধরে কিছু আওয়ামী লীগ কর্মী তাকে ‘সেক্স ডাক্তার’ ও ‘যৌন ডাক্তার’ হিসেবে প্রচার করছেন। তার ভাষ্য, তাকে হেয় করা ও সামাজিকভাবে লজ্জায় ফেলার উদ্দেশ্যেই এমন প্রচার চালানো হচ্ছে। তবে তিনি জানান, এ ধরনের পরিচয় তার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ তিনি মেডিসিনের চিকিৎসক।
এতদিন এ ধরনের প্রচারের জবাব না দেওয়ার কারণ ব্যাখ্যা করে তাসনিম জারা বলেন, তিনি যদি বারবার নিজেকে ওই ধরনের চিকিৎসক নন বলে ব্যাখ্যা দিতেন, তাহলে যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করাকে লজ্জার বিষয় হিসেবে দেখার ধারণাটিই পরোক্ষভাবে প্রতিষ্ঠিত হতে পারত।
যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, মানুষের জীবনে এমন অনেক ব্যক্তিগত সমস্যা রয়েছে, যা অনেক সময় মা-বাবা, বন্ধু কিংবা স্বামী-স্ত্রীর কাছেও প্রকাশ করা সম্ভব হয় না। এসব সমস্যায় যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মানুষের পাশে দাঁড়ান। তাদের চিকিৎসায় দাম্পত্য জীবনের জটিলতা কাটানো, সন্তানহীন দম্পতির চিকিৎসা এবং মানসিকভাবে বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি হয় বলেও উল্লেখ করেন তিনি।
তাসনিম জারা বলেন, যৌন সমস্যা নিয়ে কথা বলাকে সামাজিকভাবে লজ্জার বিষয় মনে করার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। সংকোচের কারণে অনেকে চিকিৎসকের পরিবর্তে অনভিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে ভুল চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন এবং দীর্ঘদিন ধরে সমস্যায় ভোগেন।
‘যৌন ডাক্তার এখন দেশ চালাবে!’—এ ধরনের মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এমন বক্তব্য দেখে তার করুণা হয়। তার মতে, নিজেদের প্রগতিশীল হিসেবে দাবি করলেও এ ধরনের মন্তব্যকারীদের মধ্যে প্রকৃত প্রগতিশীলতার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও সহমর্মিতার ঘাটতি রয়েছে।
তবে এবার এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার কারণও পোস্টে তুলে ধরেছেন তিনি। তাসনিম জারা জানান, শুক্রবার রাতে এক শুভাকাঙ্ক্ষী তাকে একটি স্ক্রিনশট পাঠান। সেখানে তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ১৬০টি বিজ্ঞাপন চালানোর বিষয়টি দেখতে পান তিনি।
তার অভিযোগ, প্রথমে তার ছবির সঙ্গে অশ্লীল বক্তব্য যুক্ত করে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। পরে ওই বিজ্ঞাপনের স্ক্রিনশট ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, তিনি এসব পণ্য বা সেবা বিক্রি করেন। এভাবে একটি প্রতারকচক্র তার নাম ও ছবি ব্যবহার করে ওষুধ, স্লিমিং পণ্য এবং বিভিন্ন ধরনের কথিত চিকিৎসা বিক্রি করছে বলে দাবি করেন তিনি।
তাসনিম জারা স্পষ্ট করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কখনো কোনো ওষুধ, স্লিমিং পণ্য, চিকিৎসা বা ট্রিটমেন্ট বিক্রি করেননি। তার নাম বা ছবি ব্যবহার করে কোনো পণ্য কিংবা চিকিৎসাসেবা বিক্রি করা হলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
এ ছাড়া গর্ভবতী মায়েদের জন্য তার তৈরি ‘Shohay Pregnancy’ অ্যাপেও কোনো পণ্য বিক্রি করা হয় না বলে জানান তাসনিম জারা। তার দাবি, অধিকাংশ ব্যবহারকারী বিনামূল্যে অ্যাপটি ব্যবহার করেন এবং কেউ কেউ প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করেন।
নিজের নাম ব্যবহার করে কোনো ওষুধ, চিকিৎসা বা পণ্যের বিজ্ঞাপন, ছবি কিংবা ভিডিও দেখলে তা না কেনার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে পরিচিতজনদেরও এসব ভুয়া বিজ্ঞাপন সম্পর্কে সতর্ক করতে বলেছেন।
পোস্টের শেষাংশে যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের প্রতি সম্মান জানিয়ে তাসনিম জারা বলেন, যৌনস্বাস্থ্যজনিত কোনো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে সংকোচ করা উচিত নয়। অন্যান্য অনেক রোগের মতো এ ক্ষেত্রেও দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com