সংগৃহীত
জাতীয় সংসদ ভবনে সোমবার (২২ জুন) এক ব্যতিক্রমী সৌজন্য উদ্যোগের নজির স্থাপন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের পাশাপাশি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ উপহার পাঠান তিনি।
সংসদ সূত্রে জানা গেছে, সংসদ ভবনের বিভিন্ন দপ্তরে সকাল থেকেই ১০ কেজি ওজনের উপহারের প্যাকেট পৌঁছে দেওয়া হয়। বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সুশৃঙ্খলভাবে এসব প্যাকেট বিতরণ করেন। প্যাকেটগুলোতে ছিল উন্নত মানের মৌসুমি আম।
উপহার বিতরণের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল এর বিস্তৃত পরিধি। শুধু উচ্চপদস্থ ব্যক্তি নয়, সংসদ সচিবালয়ের অফিস সহায়ক, পিয়ন, লিফটম্যান, গাড়িচালক ও পরিচ্ছন্নতাকর্মীরাও এই উপহার পেয়েছেন।
সংসদ সচিবালয়ের এক কর্মচারী জানান, সাধারণত এ ধরনের সৌজন্য উপহার উচ্চপর্যায়ের ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে এবার সব স্তরের কর্মচারীদের অন্তর্ভুক্ত করায় তারা সম্মানিত ও আনন্দিত বোধ করছেন।
সরকারি দলের একাধিক সংসদ সদস্যও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক সৌজন্য ও মানবিক সম্পর্ক গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে।
বিরোধীদলীয় নেতার কার্যালয়ের সংশ্লিষ্টরা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই ড. শফিকুর রহমান বিভিন্ন মানবিক ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ নিয়ে কাজ করছেন। সংসদ সচিবালয়ের সকল স্তরের মানুষের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবেই এই উপহার বিতরণের আয়োজন করা হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরির পাশাপাশি সাধারণ কর্মচারীদের গুরুত্ব দেওয়ার বার্তা বহন করছে এই উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com