ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:১২ এএম, ১৪ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

‘শ্রেষ্ঠ অধ্যায়ের’ পরিসমাপ্তি, নতুন জীবন শুরুর বার্তা ছাত্রদল সভাপতি রাকিবের

প্রকাশিত : ১২:১২ এএম, ১৪ আগস্ট ২০২৬

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

নিউজ ডেস্ক :

দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর জীবনের ‘শ্রেষ্ঠ অধ্যায়ের’ পরিসমাপ্তি ঘটতে চলেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে নতুন জীবন শুরু করে নিজেকে আরও পরিশুদ্ধ, মানবিক ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি।

স্ট্যাটাসের শুরুতে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে রাকিবুল ইসলাম রাকিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান।

এ ছাড়া বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং ছাত্রদলের সাবেক শীর্ষ নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতাদের সহযোগিতার কথাও উল্লেখ করেন রাকিব। তাঁদের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টার কারণে কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

ঢাকার পাঁচ কলেজ ও চার মহানগরের নেতাকর্মীদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, তাঁদের শ্রম ও ঘামে রাজপথের কর্মসূচিগুলো সফল হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ষড়যন্ত্রও তাঁরা দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন।

ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের প্রশংসা করে রাকিব বলেন, আর্থিক সংকটের মধ্যেও তাঁরা সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ ইউনিটের নেতৃত্ব দিয়েছেন। শুধু নিজেরা সৎ ও পরিশ্রমী থাকার পাশাপাশি অধীনস্থ নেতাকর্মীদেরও সততা, নীতি ও আদর্শের পথে চলতে উৎসাহিত করেছেন।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিবাচক ছাত্ররাজনীতি বিকাশে ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি। ছাত্রদলের নেতাকর্মীদের কর্মকাণ্ডের কারণে কোনো সাধারণ শিক্ষার্থী যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি না হন, সে বিষয়ে তিনি বিশেষভাবে সতর্ক ছিলেন বলে জানান।

নিজ দলের বাইরের সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা নিয়ে তাঁর কাছে এলে নিজের অবস্থান থেকে তা সমাধানের চেষ্টা করেছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন রাকিব। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

রাকিব-নাসির কমিটির সাফল্য তুলে ধরে ছাত্রদল সভাপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন এবং রাজপথে কার্যকর ভূমিকা রাখা ছিল এই কমিটির অন্যতম প্রধান অর্জন।

তিনি বলেন, ৫ আগস্ট ২০২৪-এর পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শত শত মব পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক বুলিং উপেক্ষা করেও নেতৃত্ব দিতে হয়েছে।

দায়িত্ব পালনকালে নিজের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে রাকিব বলেন, কেউই ভুলের ঊর্ধ্বে নন। দীর্ঘ সময়ে তাঁর কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

স্ট্যাটাসের শেষদিকে ছাত্রদলের নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন বলে প্রত্যাশা প্রকাশ করেন রাকিবুল ইসলাম রাকিব।

তিনি লেখেন, ‘একটা নতুন জীবন শুরু করতে চাই। নিজেকে আরও বেশি পরিশুদ্ধ, মানবিক ও সৎ মানুষ হিসেবে গড়তে চাই।’

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com