নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ
কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বের করা ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঢালুয়া ইউনিয়নের ঢালুয়া হাইস্কুল গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে ছাত্রদলের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।
আহতদের মধ্যে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী মাহফুজুর রহমান, ছাত্রদল নেতা আমীর হামজা মুন্না ও সহিদ রয়েছেন। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারীরা মিছিলে হামলা চালিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে অপর পক্ষের দাবি, দুই পক্ষের মধ্যে সামান্য হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
দলীয় সূত্র জানায়, বুধবার বিকেলে ঢালুয়া এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। ওই সময় বাধা দিতে গিয়ে ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজাদ আহত হন। পরে ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় রাজনীতি নিয়ে বিএনপির নেতাকর্মী ও সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষ থেকে পাল্টাপাল্টি পোস্ট দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে ঢালুয়া বাইপাস সড়ক এলাকায় ছাত্রদল নেতা মাহফুজুর রহমান, আমীর হামজা মুন্না ও সহিদের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়।
মাহফুজুর রহমানের অভিযোগ, মিছিল শেষ হওয়ার আগেই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন, ছাত্রদল নেতা আলী হোসেন টিপু ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম সুজনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে অন্তত ১৫ জন আহত হন।
আমীর হামজা মুন্না অভিযোগ করেন, আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানেও মারধর করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে আবদুল মমিন বলেন, দুই পক্ষ পৃথকভাবে প্রতিবাদ মিছিল করছিল। মিছিলের শেষ দিকে একজন সংসদ সদস্যকে নিয়ে বিরূপ মন্তব্যকে কেন্দ্র করে সামান্য হট্টগোল ও হাতাহাতি হয়। পরে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আগের দিন ছাত্রলীগ মিছিল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে পোস্ট দেওয়া হয়েছে। নিজেদের মধ্যে বিরোধ তৈরি হলে আওয়ামী লীগ ও ছাত্রলীগই এর সুযোগ নিতে পারে। তিনি বর্তমানে ঢাকায় আছেন এবং বিষয়টি খোঁজ নিচ্ছেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com