ঢাকা, ০১ জুলাই, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:০০ এএম, ৩০ জুন ২০২৬
Digital Solutions Ltd

ইয়াবাসহ আটক ব্যক্তির জার্সি এআই দিয়ে বদলে দেওয়ার অভিযোগ, বিতর্কে বরিশাল মেট্রোপলিটন পুলিশ

প্রকাশিত : ০৩:০০ এএম, ৩০ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

ইয়াবাসহ আটক ব্যক্তির জার্সি এআই দিয়ে বদলে দেওয়ার অভিযোগ, বিতর্কে বরিশাল মেট্রোপলিটন পুলিশ

বরিশালে মাদকসহ গ্রেপ্তার এক ব্যক্তির ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্পাদনার অভিযোগে সমালোচনার মুখে পড়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া শাখা। অভিযোগ, গ্রেপ্তারের সময় ওই ব্যক্তির গায়ে আর্জেন্টিনার জার্সি থাকলেও গণমাধ্যমে পাঠানো ছবিতে সেটি পরিবর্তন করে ব্রাজিলের জার্সি দেখানো হয়।

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংশোধিত ছবি ও তথ্য গণমাধ্যম এবং মিডিয়া গ্রুপে পুনরায় পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর পলাশপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে রাসেল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। আটকের সময় তার পরনে ছিল আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি।

অভিযোগ অনুযায়ী, কাউনিয়া থানা পুলিশ গ্রেপ্তারের পর তার ছবি তুলে বিএমপির মিডিয়া শাখায় পাঠায়। পরে মিডিয়া শাখায় ছবিটি সম্পাদনা করে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি যুক্ত করা হয়। একই সঙ্গে গণমাধ্যমে পাঠানো তথ্যে তাকে ‘ব্রাজিল সমর্থক’ হিসেবেও উল্লেখ করা হয়।

ছবিটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে বিষয়টি পুলিশ কমিশনারের নজরে এলে তাৎক্ষণিকভাবে সংশোধিত ছবি ও তথ্য প্রকাশ করা হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

বিএমপির মিডিয়া শাখার উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, এটি মজা করার উদ্দেশ্যে করা হয়েছিল। অনিচ্ছাকৃত এই ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

এদিকে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রাসেল হাওলাদারকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা আঁখি (৩২) নামে আরেক ব্যক্তি পালিয়ে যান।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটক রাসেল হাওলাদার এবং পলাতক আঁখিকে আসামি করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com