ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:৩৬ এএম, ২৭ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

কনটেন্ট ক্রিয়েটরকে মারধরের অভিযোগ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

প্রকাশিত : ০২:৩৬ এএম, ২৭ আগস্ট ২০২৬

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে কনটেন্ট ক্রিয়েটর নাহিদ হাসানকে মারধরের অভিযোগ উঠেছে।

নিউজ ডেস্ক :

দুস্থ ও অসহায় মানুষকে আশ্রয় ও সহায়তা দেওয়ার কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি পাওয়া মিল্টন সমাদ্দারকে ঘিরে ফের অভিযোগ উঠেছে। এবার এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার অভিযোগ করেছেন নাহিদ হাসান নামের এক যুবক।

নাহিদ হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উজান টিভি’র বিভিন্ন কনটেন্টে কাজ করেন। তার অভিযোগ, এক বৃদ্ধ নারীকে চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করতে তিনি মিল্টন সমাদ্দার পরিচালিত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’-এ নিয়ে গেলে সেখানে তাকে মারধর করা হয়।

বুধবার (২৬ আগস্ট) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ দাবি করেন, বৃদ্ধ নারীর চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করতে তিনি টানা তিন-চার দিন কাজ করেন। পরে মানুষের কাছ থেকে অর্থসহায়তা নিয়ে ওই নারীকে ঢাকায় এনে মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানে রাখার উদ্যোগ নেন।

নাহিদের ভাষ্য অনুযায়ী, প্রথমে ওই নারীকে আশ্রয় দেওয়ার জন্য মাসে ১৮ হাজার টাকা দাবি করা হয়। তারা এতে রাজি হলেও পরে প্রতিষ্ঠানটি তাকে রাখতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে তিনি ফেসবুকে অর্থ চাওয়ার বিষয়টি তুলে ধরেন। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে মিল্টন সমাদ্দার তাকে জিডি নিয়ে এলে ওই নারীকে রাখার কথা বলেন বলে দাবি করেন নাহিদ।

নাহিদ জানান, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে তিনি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সময় বিষয়টি মিল্টনকে জানান। পরে বুধবার রাত ২টা ৩৩ মিনিটের দিকে তারা প্রতিষ্ঠানে পৌঁছান।

সেখানে যাওয়ার পর শুরুতেই তার সঙ্গে খারাপ আচরণ করা হয় বলে অভিযোগ করেন নাহিদ। তার দাবি, ফেসবুকে দেওয়া পোস্টের কারণে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে—এমন অভিযোগ তুলে তাকে গালিগালাজ করা হয়। একপর্যায়ে মিল্টন সমাদ্দার তার ওপর হামলা চালান এবং চোখে আঘাত করেন বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদের আরও অভিযোগ, তার গেঞ্জি ধরে চড় মারা হয়, এতে বুকে আঘাত লাগে। তাকে ছাড়াতে এগিয়ে এলে প্রতিষ্ঠানের কর্মী দেবাশীষ তার গলা চেপে ধরেন বলেও দাবি করেন তিনি। একই সময়ে তার সঙ্গে থাকা ইলিয়াস নামের আরেক ব্যক্তিকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ।

তিনি বলেন, ঘটনার সময় প্রতিষ্ঠানের বৈদ্যুতিক লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানে তারা মাত্র তিনজন ছিলেন এবং চারপাশে ২০ থেকে ২৫ জন লোক ছিল বলে দাবি করেন তিনি। প্রতিষ্ঠানটির যাতায়াতের রাস্তা একটি হওয়ায় সেখান থেকে বের হওয়ার সুযোগও ছিল না বলে অভিযোগ করেন নাহিদ।

নাহিদ জানান, আগে থেকেই আশঙ্কা হওয়ায় তিনি পরিচিত কয়েকজনের কাছে লাইভ লোকেশন পাঠিয়ে রাখেন। পাশাপাশি মোবাইলে অডিও রেকর্ড চালু করে ঘটনার শব্দ ধারণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে জোরপূর্বক একটি স্বীকারোক্তি নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার পর কোনোভাবে সেখান থেকে বের হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন নাহিদ। সেখানে চোখের পরীক্ষা ও এক্স-রে করানো হয়েছে বলে জানান তিনি। চিকিৎসকের প্রেসক্রিপশন ও ওষুধ নিয়ে বর্তমানে ঢাকায় রয়েছেন বলেও জানান।

নাহিদের দাবি, বৃদ্ধ নারীকে ওই প্রতিষ্ঠানেই রাখা হয়েছে। এ ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন এবং বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’-এর ফেসবুক পেজে দেওয়া নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয়। একটি নম্বর বন্ধ পাওয়া যায়। অন্য নম্বরে কয়েকবার কল করা হলেও একবার কল কেটে দেওয়ার পর আর সাড়া পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে অভিযোগের বিষয়ে জানতে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

পূর্বের অভিযোগ ও মামলা

২০২৪ সালে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের মাধ্যমে আলোচনায় আসেন মিল্টন সমাদ্দার। পরবর্তীতে তার বিরুদ্ধে মানবিক কর্মকাণ্ডের আড়ালে বিভিন্ন অনিয়ম ও গুরুতর অপরাধের অভিযোগ ওঠে।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে তার বিরুদ্ধে জমি দখল, আর্থিক হিসাবের অস্বচ্ছতা, আশ্রিতদের তথ্যের গরমিল, বৃদ্ধদের চিকিৎসায় অবহেলা ও ডেথ সার্টিফিকেট জালিয়াতিসহ নানা অভিযোগের কথা প্রকাশিত হয়।

এসব অভিযোগের পর তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। রাজধানীর মিরপুর থানায় করা মানবপাচার আইনের মামলায় ২০২৪ সালের ১৫ জুলাই তিনি জামিন পান।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com