ঢাকা, ০২ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:২৪ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

টুঙ্গিপাড়ায় স্ত্রীকে আটকে রাখার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, উদ্ধার করল পুলিশ

প্রকাশিত : ০৬:২৪ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় যৌতুকের অভিযোগে স্ত্রীকে আটকে রাখার অভিযোগ ওঠা বাড়ি থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

নিউজ ডেস্ক :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। পরে ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করে তার মায়ের জিম্মায় দিয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের অভিযুক্তের বাড়ি থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।

অভিযুক্ত সাহেদ তালুকদার (২৩) ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এবং বাঁশবাড়িয়া গ্রামের হেদায়েত শেখের ছেলে। এ ঘটনায় সাহেদ তালুকদার ও তার বাবা-মাকে অভিযুক্ত করে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা জেসমিন বেগম।

অভিযোগে বলা হয়েছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ২০২৫ সালের ২৬ মে গোপালগঞ্জ আদালতের নোটারি পাবলিকের মাধ্যমে সাহেদ তালুকদারের সঙ্গে লেবুতলা গ্রামের মৃত আনসার শেখের মেয়ে বর্না খানমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় বর্নাকে মারধর করে তার পরিবারের কাছে যৌতুক দাবি করা হতো বলে অভিযোগ করেন তার মা।

মেয়ের সংসার টিকিয়ে রাখার আশায় বিভিন্ন সময়ে ভুক্তভোগীর মা নগদ টাকা দিলেও নির্যাতন বন্ধ হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ গত ২৯ আগস্ট বর্নাকে আনতে গেলে তার মা ও বোনকে গালাগাল করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। এরপর বর্নাকে মারধর করে ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তার মা। পরে বাধ্য হয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে সাহেদ তালুকদার বলেন, তিনি কখনো শাশুড়ির কাছে যৌতুক দাবি করেননি। স্বামী-স্ত্রীর মধ্যে শুধু মনোমালিন্য হয়েছে। সংসার ভাঙার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বিষয়টি আইনি ও সামাজিকভাবে মোকাবিলা করবেন বলে জানান সাহেদ।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বর্নাকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে তাকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অভিযোগটি তদন্ত করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com