নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিসভা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে নতুন বেতন কাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে বিভিন্ন গ্রেডে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বহুল প্রতীক্ষিত ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন দেওয়া হয়।
নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর হবে। তবে সরকারের আর্থিক সক্ষমতা এবং সম্ভাব্য মূল্যস্ফীতির চাপ বিবেচনায় এটি একসঙ্গে বাস্তবায়ন না করে ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন বেতন কাঠামোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি জানান, ১ থেকে ১১ নম্বর গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত এবং ১২ থেকে ২০ নম্বর গ্রেডে ১১৫ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। বেতন বৃদ্ধির আর্থিক চাপ সামাল দিতে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে নতুন স্কেল বাস্তবায়ন করা হবে।
স্বল্প আয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি অগ্রাধিকার দিয়ে ১০ম থেকে ২০তম গ্রেডকে আগে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের মধ্যে মোট তিন ধাপে মূল বেতন সমন্বয় করা হবে।
তবে বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও ধাপে ধাপে নিট পেনশন বৃদ্ধির ব্যবস্থা কার্যকর হবে।
এদিকে বিচার বিভাগের জন্য পৃথক ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল’ নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে বিচারকদের নতুন বেতন স্কেল চূড়ান্ত করা হবে। এই স্কেলও চলতি বছরের ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে সামরিক ও বেসামরিক মিলিয়ে প্রায় ২৪ লাখ চাকরিজীবী এবং প্রায় সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন বলে জানিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ সচিবের তথ্য অনুযায়ী, নতুন বেতন স্কেল বাস্তবায়নে সরকারের বছরে অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। সংশ্লিষ্ট অর্থবছরগুলোর জাতীয় বাজেটে এই অতিরিক্ত ব্যয়ের সংস্থান রাখা হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com