শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্যও আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বিদেশে অবস্থানরত অন্যান্য পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতেও একই ধরনের আইনি ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশে পলাতক আসামিদের শনাক্ত ও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৬ মে হত্যা মামলার আসামি ও ইন্টারপোলের রেড নোটিশভুক্ত মো. আরিফ সরকারকে সংযুক্ত আরব আমিরাত থেকে এবং ২৭ মে আরেক হত্যা মামলার আসামি মোবারক মণ্ডলকে কাতার থেকে দেশে ফিরিয়ে আনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয় বলে আবুধাবির ইন্টারপোল এনসিবি থেকে তথ্য পাওয়া গেছে। তাকে দেশে ফিরিয়ে আনতে ১৬ জুন কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় পারস্পরিকতার নীতির আওতায় সহযোগিতার নিশ্চয়তা চেয়েছে আমিরাত সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর পাশাপাশি গত ৪ আগস্ট আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে।
এদিকে মানব পাচার মামলায় ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পলাতক আসামি মোল্লা নজরুল ইসলামকে সম্প্রতি লিবিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে গত ১৬ মার্চ প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে বলেও সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, ইন্টারপোল, বিদেশি আইন প্রয়োগকারী সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে থাকা বাংলাদেশের মিশনগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিদেশে অবস্থানরত অন্যান্য পলাতক অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার এবং দেশে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com