ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ১২:২৫ এএম, ২৭ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

২৮ আগস্ট গভীর আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে না

প্রকাশিত : ১২:২৫ এএম, ২৭ আগস্ট ২০২৬

২৮ আগস্ট গভীর আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে না

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বের বিভিন্ন অঞ্চলের আকাশপ্রেমীদের জন্য চন্দ্রগ্রহণ দেখার আরেকটি সুযোগ এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত থেকে শুক্রবার (২৮ আগস্ট) ভোর পর্যন্ত গভীর আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। এ সময় পৃথিবীর ছায়া চাঁদের বড় একটি অংশ ঢেকে ফেলবে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সময়ের পার্থক্যের কারণে ২৭ ও ২৮ আগস্ট বিভিন্ন দেশ থেকে গ্রহণটি দেখা যাবে। নাসার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ২৮ আগস্ট সকাল ১০টা ১২ মিনিটের দিকে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

এটি পূর্ণ চন্দ্রগ্রহণ নয়। গভীর আংশিক গ্রহণের সময় চাঁদের প্রায় ৯৬ শতাংশ পৃষ্ঠ পৃথিবীর গাঢ় ছায়া বা আমব্রার আওতায় চলে আসবে। ফলে চাঁদের সামান্য একটি অংশ আমব্রার বাইরে থাকবে।

গ্রহণের সময় ছায়াচ্ছন্ন অংশ লালচে বা তামাটে রঙ ধারণ করতে পারে। পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়া ও প্রতিসরণের কারণে এ ধরনের রঙ দেখা যায়। এ কারণেই চন্দ্রগ্রহণের এমন দৃশ্যকে অনেক সময় ‘ব্লাড মুন’ বলা হয়।

আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল থেকে পুরো গ্রহণটি দেখা যাবে। ইউরোপ ও আফ্রিকার কিছু এলাকায় চাঁদ ওঠা বা অস্ত যাওয়ার সময় গ্রহণের আংশিক দৃশ্য দেখা যেতে পারে।

আনাদোলুর প্রতিবেদনে আরও বলা হয়েছে, উপছায়া পর্যায় শুরু থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চলবে। তবে গভীর আংশিক গ্রহণের সময়কাল তুলনামূলকভাবে কম। সর্বোচ্চ পর্যায়ে চাঁদের ব্যাসের প্রায় ৯৩ শতাংশ পৃথিবীর আমব্রার মধ্যে থাকবে বলে নাসা ও জ্যোতির্বিজ্ঞানবিষয়ক সূত্র জানিয়েছে।

এর আগে ১২ আগস্ট একটি পূর্ণ সূর্যগ্রহণ হয়েছিল। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের কিছু অঞ্চল থেকে সেটি দেখা যায়। সূর্য ও চন্দ্রগ্রহণ অনেক সময় জোড়ায় সংঘটিত হয়। সূর্য, পৃথিবী ও চাঁদের নির্দিষ্ট অবস্থান ও গতিপথের কারণে অল্প সময়ের ব্যবধানে দুটি গ্রহণ ঘটতে পারে।

চন্দ্রগ্রহণ দেখার জন্য সূর্যগ্রহণের মতো বিশেষ চোখের সুরক্ষার প্রয়োজন হয় না। দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে গ্রহণের দৃশ্য আরও কাছ থেকে দেখা সম্ভব। তবে পরিষ্কার আকাশ ও দিগন্তে বাধা না থাকলে খালি চোখেও এ মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যায়।

বাংলাদেশ থেকে দেখা যাবে না

বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য রয়েছে হতাশার খবর। ২৮ আগস্টের গভীর আংশিক চন্দ্রগ্রহণ বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে না। কারণ, স্থানীয় সময় অনুযায়ী গ্রহণের মূল পর্যায়টি দিনের বেলায় ঘটবে এবং তখন চাঁদ বাংলাদেশের দিগন্তের নিচে থাকবে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ১০টা ১২ মিনিটের দিকে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। ফলে বাংলাদেশ ছাড়াও ভারত, চীন ও জাপানের মতো এশিয়ার কয়েকটি অঞ্চল থেকে এই গ্রহণ সরাসরি দেখা সম্ভব হবে না।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com