বারের বিল না দেওয়ার অভিযোগে তরুণীর চুল কেটে দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বারের বিল পরিশোধ না করে পালানোর চেষ্টা করার অভিযোগে এক তরুণীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
Viral Press-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংককের পিঙ্কলাও এলাকার কয়েকটি ক্লাব ও রেস্তোরাঁয় বিল পরিশোধ না করে চলে যাওয়ার অভিযোগে তরুণীটি আগে থেকেই পরিচিত ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ আগস্ট ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে তিনি একটি জনপ্রিয় বারে প্রবেশ করেন। সেখানে তার বিল প্রায় ৬০ হাজার থাই বাত, যা আনুমানিক ১ হাজার ৮১২ মার্কিন ডলারের সমান। পরে বিল না মিটিয়ে বার থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটকানো হয় বলে অভিযোগ।
ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক বারকর্মী বৈদ্যুতিক রেজার দিয়ে তরুণীর কাঁধ পর্যন্ত লম্বা চুল কেটে দিচ্ছেন। পরে জানানো হয়, কেটে নেওয়া চুল দান করার কথা ছিল।
তবে তরুণীকে এভাবে শাস্তি দেওয়ার বিষয়টি নিয়ে থাইল্যান্ডে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে কাজ করা বেসরকারি সংস্থা ‘বি ওয়ান ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা চালিদা ‘টন অর’ ফালামাত এ ঘটনাকে বার কর্তৃপক্ষের সীমা লঙ্ঘন হিসেবে দেখছেন।
চালিদা জানান, ঘটনার পর বার কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে তারা স্বীকার করেছে, ব্যবস্থাপক রাগ ও আবেগের বশবর্তী হয়ে ওই তরুণীর চুল কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তরুণীর পরিবারের সঙ্গেও যোগাযোগ করে ক্ষতিপূরণ নিয়ে আলোচনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চালিদার ভাষ্য, কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হলে তা নিয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও কাউকে জোর করে চুল কেটে দেওয়া বৈধ নয়। তার মতে, চাপ প্রয়োগ করে কোনো চুক্তি করানো হলেও সেটি আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, কারও সম্মতির বিরুদ্ধে চুল কেটে দেওয়া হামলা, জবরদস্তি কিংবা বেআইনি আটকের মতো অভিযোগের আওতায় পড়তে পারে।
এ ঘটনায় স্থানীয়ভাবে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com