সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডন।
চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রিমান্ড শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, মামলার ১৬৪ ধারার জবানবন্দিতে সালমান শাহকে হত্যার পদ্ধতি এবং অর্থ লেনদেনের বিষয়ে তথ্য উঠে এসেছে। মামলার তদন্তে এসব বিষয় আরও যাচাই করা প্রয়োজন।
তিনি আরও বলেন, মামলায় যারা এখনো আত্মগোপনে রয়েছেন, তাদের বিষয়ে তথ্য বের করা দরকার। ডনকে দেশত্যাগে বা পালিয়ে যেতে কারা ইন্ধন দিয়েছিল, সেটিও তদন্তের মাধ্যমে জানা প্রয়োজন। সঠিক তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়া জরুরি বলেও যুক্তি দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
অন্যদিকে ডনের পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান ফরিদুল ইসলামসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন।
রিমান্ডের বিরোধিতা করে আইনজীবী কালাম খান বলেন, ডন একজন জনপ্রিয় খল অভিনেতা ছিলেন এবং দেশের জন্য তার অবদান রয়েছে। তার জনপ্রিয়তার কারণেই সালমান শাহও জনপ্রিয়তা পেয়েছিলেন বলে তিনি আদালতে যুক্তি দেন।
এর আগে গত ৯ আগস্ট ভোরে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ডনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
ওই দিনই তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। পরে ১২ আগস্ট তার জামিন আবেদনও নামঞ্জুর করেন আদালত।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। তার মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com