ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিকুর রহিম
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাবেক এই অধিনায়কের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও শেষ হবে ওই সিরিজের মধ্য দিয়ে। শনিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট পাঁচ দিন গড়ালে শনিবার দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। তবে ম্যাচটি তিন দিনেই শেষ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরেন তাঁরা। দেশে ফেরার পরই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নেন মুশফিক। ফলে দক্ষিণ আফ্রিকা সফরই হয়ে থাকল জাতীয় দলের হয়ে তাঁর শেষ বিদেশ সফর।
২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের লর্ডসে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। প্রায় ২২ বছর পর সেই ইংল্যান্ডের বিপক্ষেই ২০২৭ সালের জানুয়ারিতে শেষ হতে যাচ্ছে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। আগামী বছরের মে মাসেও লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একটি টেস্ট রয়েছে। তবে বিদায়ের জন্য জানুয়ারির সিরিজটি বেছে নিয়েছেন মুশফিক। এটি চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের শেষ সিরিজ।
বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার পাশাপাশি সর্বোচ্চ রানের মালিকও মুশফিক। ১০৮ টেস্টের ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসের শুরুতে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরে ১৬টি টেস্ট খেলেও কোনো সেঞ্চুরি পাননি মুশফিক। অথচ বর্তমানে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ১৪টি শতকের মালিক তিনি। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। পরে আরও দুবার দ্বিশতক হাঁকান তিনি। উইকেটকিপার হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করা বিশ্বের একমাত্র ব্যাটসম্যানও তিনি।
গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেন মুশফিক। ওই ম্যাচে ১০৬ রান করে শততম টেস্টে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের বিশেষ তালিকায় জায়গা করে নেন তিনি।
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। তাঁর অধিনায়কত্বে বাংলাদেশ সাতটি ম্যাচে জয় পেয়েছে এবং নয়টি ম্যাচ ড্র করেছে।
২০১৬ সালে তাঁর নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। পরের বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারায় তাঁর দল। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টেও মুশফিকের নেতৃত্বে জয় আসে।
হাবিবুল বাশারের অধিনায়কত্বে লর্ডসে শুরু হয়েছিল মুশফিকের টেস্ট ক্যারিয়ার। সবকিছু ঠিক থাকলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই শেষ হবে তাঁর দীর্ঘ টেস্টযাত্রা।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com