ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৮:১৯ এএম, ২৮ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

গুলিবিদ্ধ হাতি খুঁড়িয়ে খুঁড়িয়ে এলো লোকালয়ে, ঢিল ছুঁড়ে তাড়ালো গ্রামবাসী

প্রকাশিত : ০৮:১৯ এএম, ২৮ নভেম্বর ২০২৬

কক্সবাজারের টেকনাফে আহত বন্যহাতিকে বনে ফেরানোর চেষ্টা করছেন বন বিভাগের সদস্যরা

ডিজিটাল রিপোর্ট :

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ ও পায়ে আঘাতপ্রাপ্ত বন্যহাতিটি আবারও লোকালয়ে চলে এসে একটি বসতঘরে ঢুকে পড়েছে। হাতিটিকে নিরাপদে বনে ফিরিয়ে নিতে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় বাসিন্দারা চেষ্টা চালাচ্ছেন। তবে হাতিটিকে তাড়াতে গ্রামবাসীর ঢিল ছোড়া ও আগুন জ্বালিয়ে ভয় দেখানোর ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে হাতিটি ঢুকে পড়ে। প্রায় দুই থেকে তিন ঘণ্টার চেষ্টায় বন বিভাগের কর্মীরা হাতিটিকে ঘর থেকে বের করে বনের কাছাকাছি নিয়ে আসেন। এ সময় আহত হাতিটিকে খুঁড়িয়ে চলতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, সকালে শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে হাতিটি অবস্থান নেয়। পরে স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ভয় দেখিয়ে এবং ঢিল ছুড়ে সেটিকে বনে ফেরানোর চেষ্টা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একদল মানুষ লাঠিসোঁটা নিয়ে হাতিটিকে তাড়া করছেন। এ সময় কয়েকজনকে হাতির দিকে ঢিল ছুড়তেও দেখা যায়। ভিডিওতে একজনকে ঢিল না ছোড়ার জন্য অন্যদের সতর্ক করতে শোনা যায়।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নভেম্বরের মাঝামাঝি সময়ে জাহাজপুরা গর্জন বাগান এলাকায় দুটি বন্যহাতিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তখন একটি হাতির পায়ে আঘাতের চিহ্ন নজরে আসে স্থানীয়দের। পরে বন বিভাগের সদস্যরা আহত হাতিটির সন্ধানে বনে তল্লাশি শুরু করেন।

গত ১৮ নভেম্বর হাতিটির অবস্থান শনাক্ত করে চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। সেদিন বন বিভাগ ও চিকিৎসক দলের সদস্যরা বনে তল্লাশি চালিয়ে হাতিটির সন্ধান পান এবং দুপুরের দিকে ঘটনাস্থলেই চিকিৎসা দেন। এর আগে হাতিটির শরীরে আটটি গুলির ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছিল।

শনিবার সকালে আবারও লোকালয়ে ফিরে আসা হাতিটি ডান পা স্বাভাবিকভাবে মাটিতে রাখতে পারছিল না। মানুষের তাড়া খেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বনের কাছাকাছি চলে যায়। বন বিভাগ ও ইআরটি সদস্যরা ঘটনাস্থলে থেকে সেটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা চালান।

শনিবার সন্ধ্যার সর্বশেষ তথ্য অনুযায়ী, হাতিটি তখনো পুরোপুরি বনে প্রবেশ করেনি। ঘুরেফিরে বনের কাছাকাছি অবস্থান করছিল। হাতিটিকে দেখতে সেখানে শত শত উৎসুক মানুষ ভিড় করেন।

শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, আহত হাতিটি আবারও লোকালয়ে চলে আসায় তাকে নিরাপদে বনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এর আগে হাতিটির শরীরে আটটি গুলির চিহ্ন পাওয়া গেলে চিকিৎসা দেওয়া হয়েছিল। হাতিটির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে হাতিটি দেখে আতঙ্কিত না হওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com