ঢাকা, ০৪ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:০৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ডেঙ্গুতে মারা গেলেন মুগদা হাসপাতালের চিকিৎসক ডা. আঁচল রায়

প্রকাশিত : ০১:০৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে মারা যাওয়া মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আঁচল রায়।

নিউজ ডেস্ক :

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় পরদিন নতুন দায়িত্ব নেওয়ার কথা ছিল মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আঁচল রায়ের। প্রস্তুতিও ছিল। তবে সেই দায়িত্ব আর নেওয়া হলো না। এর আগেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ বছর বয়সী এই চিকিৎসক।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

ডা. আঁচল রায় ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাহমুদ আলম তারেক জানান, অসুস্থ হওয়ার আগের দিনও হাসপাতালে দায়িত্ব পালন করেন আঁচল। রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পর পরদিন তার ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার কথা ছিল।

পরিবার সূত্রে জানা যায়, ডেঙ্গু শনাক্ত হওয়ার পর প্রথম চার দিন বাসায় চিকিৎসা নেন আঁচল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পঞ্চম দিনে রক্তে প্লাটিলেটের মাত্রা দ্রুত কমে গেলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তার স্বামী চিকিৎসক বিপ্লব চন্দ্র দাস জানান, হাসপাতালে প্রথমে আঁচলকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. আঁচল রায় নোয়াখালী মেডিকেল কলেজের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এমবিবিএস সম্পন্ন করার পর তিনি ইন্টারনাল মেডিসিনে এফসিপিএসের মিড-টার্ম পরীক্ষায় উত্তীর্ণ হন। যুক্তরাজ্যের এমআরসিপি পরীক্ষার পার্ট-ওয়ানও পাস করেছিলেন।

৪২তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেওয়ার পর চিকিৎসাবিজ্ঞানে আরও দক্ষতা অর্জনের প্রস্তুতি নিচ্ছিলেন আঁচল। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান এই চিকিৎসক ঢাকায় বেড়ে ওঠেন। বাবা মনীশ রায় ও মা শ্রীমতি মিতা রায়ের সঙ্গে খিলগাঁও সি ব্লকে থাকতেন তিনি।

প্রায় ১৭ মাস আগে চিকিৎসক বিপ্লব চন্দ্র দাসের সঙ্গে তার বিয়ে হয়। তাদের কোনো সন্তান ছিল না।

আঁচল রায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে আসে। ৪২তম বিসিএসের সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনা জানিয়েছেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালেও শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ডা. আঁচল রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, স্বাস্থ্য পরিবার একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারিয়েছে। তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।

স্বাস্থ্য বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com