নেপালে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে মরতুজা পলাশ ও অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশকে গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ্যে এসেছে। নেপালে শুটিং শেষে দেশে ফেরার পর গত ২৮ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার এজাহারনামীয় আসামি পলাশ বর্তমানে কারাগারে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর পলাশকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে অবস্থান করছিলেন পলাশ। আগস্টে শুরু হওয়া সিনেমাটির ২৫ দিনের বেশি শুটিং শেষে আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট দেশে ফেরে সিনেমাটির দল। ওই দিনই বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এত দিন তার গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ্যে আসেনি।
মামলা সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে পুলিশ পলাশের কাছ থেকে সংশ্লিষ্ট ঘটনা ও মামলার অন্য আসামিদের বিষয়ে কিছু তথ্য পেয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে পলাশ কারাগারে থাকায় অনিশ্চয়তায় পড়েছে তার অভিনীত ‘শিকার’ সিনেমার বাকি কাজ। নেপালে সিনেমাটির বেশির ভাগ দৃশ্যধারণ শেষ হয়েছে। তবে কয়েকটি দৃশ্য ও গানের শুটিং এখনো বাকি রয়েছে। নির্মাতা কামরুজ্জামান রোমান আগামী অক্টোবরে দেশে ও অন্যান্য লোকেশনে এসব দৃশ্য ধারণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু নায়ক কারাগারে থাকায় শুটিংয়ের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।
পরিচালক কামরুজ্জামান রোমান সংবাদমাধ্যমকে বলেন, নেপালে ‘শিকার’ সিনেমার বেশির ভাগ কাজ সফলভাবে শেষ হয়েছে। অক্টোবরে বাকি দৃশ্যধারণ শেষ করার পরিকল্পনা থাকলেও পলাশ কারাগারে থাকায় এখনো কোনো চূড়ান্ত সময়সূচি করা যাচ্ছে না।
তিনি জানান, পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান ও সিনেমার পুরো টিম আশা করছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি দ্রুত মুক্তি পাবেন। তবে আইনি জটিলতা দীর্ঘ হলে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে থ্রিলারধর্মী সিনেমা ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে মরতুজা পলাশ ও অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com