ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৩:১৬ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

নাজিব রাজাককে শর্তসাপেক্ষে ক্ষমা, বাকি সাজা গৃহবন্দী

প্রকাশিত : ০৩:১৬ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

মালয়েশিয়ার আলোচিত ওয়ানএমডিবি (1MDB) দুর্নীতি মামলায় কারাবন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে শর্তসাপেক্ষে ক্ষমা করেছেন রাজা সুলতান ইব্রাহিম। এর ফলে নির্ধারিত জরিমানা পরিশোধ ও অন্যান্য শর্ত মেনে চললে কারাগারের পরিবর্তে নিজ বাড়িতে গৃহবন্দী থেকে সাজার বাকি সময় কাটাতে পারবেন তিনি।

শুক্রবার মালয়েশিয়ার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দপ্তরের আইনজীবীদের তথ্য অনুযায়ী, রাজকীয় ক্ষমার আওতায় ৭৩ বছর বয়সী নাজিব ২০২৮ সালের ২৩ আগস্ট পর্যন্ত গৃহবন্দী হিসেবে সাজা ভোগ করতে পারবেন। তবে আইন বিষয়ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তাকে ক্ষমার আদেশে নির্ধারিত সব শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে।

কোনো শর্ত লঙ্ঘন করলে ক্ষমার আদেশ বাতিল হয়ে যাবে। সে ক্ষেত্রে সাজার বাকি অংশ ভোগ করতে তাকে আবার কারাগারে পাঠানো হতে পারে।

এর আগে গত বছরের শেষ দিকে নাজিবের গৃহবন্দিত্বের আবেদন একটি আদালত খারিজ করে দিয়েছিল।

ওয়ানএমডিবির সাবেক সহযোগী প্রতিষ্ঠান এসআরসি ইন্টারন্যাশনাল থেকে বিপুল অর্থ আত্মসাতের মামলায় ২০২০ সালের জুলাইয়ে নাজিবকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে পারডনস বোর্ড তার সাজা অর্ধেকে নামিয়ে আনে। একই সঙ্গে জরিমানার পরিমাণ কমিয়ে ৫০ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত করা হয়। ওই মামলায় তার সাজা ২০২৮ সালের আগস্টে শেষ হওয়ার কথা।

তবে গৃহবন্দিত্বের আবেদন খারিজ হওয়ার কয়েক দিন পর গত ডিসেম্বরে ওয়ানএমডিবি কেলেঙ্কারি-সংশ্লিষ্ট আরেকটি মামলায় নাজিবকে আরও ১৫ বছরের কারাদণ্ড এবং ১১ দশমিক ৪ বিলিয়ন রিঙ্গিত জরিমানা করা হয়। ওই রায়ের বিরুদ্ধে তিনি বর্তমানে আপিল করছেন। নতুন এই সাজা আগের ছয় বছরের সাজা শেষ হওয়ার পর কার্যকর হওয়ার কথা।

নাজিব রাজাক মালয়েশিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা পরিবারের সন্তান। দীর্ঘ রাজনৈতিক জীবনের পর তিনি ২০০৯ সালে দেশটির প্রধানমন্ত্রী হন। তবে ওয়ানএমডিবি কেলেঙ্কারিকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক চাপ ও জনঅসন্তোষের মধ্যে ২০১৮ সালের নির্বাচনে তার দল পরাজিত হয় এবং তিনি ক্ষমতা হারান।

এরপর নাজিব ও তার স্ত্রী রোসমাহ মনসুরের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিভিন্ন অভিযোগে তদন্ত শুরু হয়। সরকারি কৌঁসুলিদের অভিযোগ, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং ওয়ানএমডিবির উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নাজিব ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় তহবিলের বিপুল অর্থ ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করেছিলেন।

তদন্তকারীদের অভিযোগ অনুযায়ী, আত্মসাৎ করা অর্থের একটি অংশ বিলাসবহুল সম্পত্তি, প্রমোদতরি এবং ক্লদ মোনে ও ভিনসেন্ট ভ্যান গগের মতো শিল্পীদের মূল্যবান শিল্পকর্ম কেনায় ব্যয় করা হয়েছিল।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com