আসামে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানের অভিযোগে ২৭ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে নারী, পুরুষ ও শিশুসহ ২৭ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগে বুধবার (১৬ সেপ্টেম্বর) গুয়াহাটি ও রাঙ্গিয়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেন থেকে নামিয়ে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের বেশিরভাগই কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে।
আসাম পুলিশের সীমান্ত শাখার উপকমিশনার কুলেন্দ্র নাথ ডেকা জানান, অবৈধভাবে ভারতে প্রবেশ করা ব্যক্তিদের একটি দল গুয়াহাটিতে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে আসাম স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের (এএসটিসি) ক্যাম্পাস থেকে প্রথমে ১২ জনকে আটক করা হয়।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, আরও একটি দল জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছে। পরে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে (আরপিএফ) সতর্ক করা হয়। এরপর ট্রেন থেকে আরও ১৫ জনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ২৭ জনের কারও কাছেই ভারতে বৈধভাবে অবস্থানের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথি পাওয়া যায়নি। তারা বাংলাদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে ঢাকা, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা ও ময়মনসিংহের বাসিন্দাও রয়েছেন।
তারা কোনো দালাল বা মধ্যস্থতাকারীর মাধ্যমে মেঘালয় হয়ে ভারতে প্রবেশ করেছিলেন কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
কুলেন্দ্র নাথ ডেকা জানান, আটক ব্যক্তিদের বিতাড়নের আদেশ চেয়ে সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারের কাছে আবেদন করেছে সীমান্ত পুলিশ। আদেশ জারি হলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিদের বেশিরভাগই কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে এবং তদন্ত অব্যাহত থাকবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com