ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০১:৪৯ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

পাকিস্তানে রাত ৯টার মধ্যে দোকান বন্ধ, সরকারি গাড়ির জ্বালানি কমল ৫০ শতাংশ

প্রকাশিত : ০১:৪৯ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সাশ্রয়ে পাকিস্তানে নতুন কৃচ্ছ্রসাধনমূলক ব্যবস্থা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ও উত্তেজনা বাড়ায় জ্বালানি সাশ্রয়ে কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। নতুন নির্দেশনায় দেশটির অধিকাংশ দোকান, বাজার ও শপিংমল রাত ৯টার মধ্যে বন্ধ করার পাশাপাশি সরকারি গাড়িতে জ্বালানি সরবরাহ আগামী তিন মাসের জন্য ৫০ শতাংশ কমানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশনাগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দোকান, বাজার, শপিংমল, হাটবাজার, ডিপার্টমেন্টাল স্টোর, মুদি ও সাধারণ দোকান রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। বিয়ের হল ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের স্থান রাত ১০টার মধ্যে এবং রেস্তোরাঁ, ক্যাফে ও খাবারের দোকান রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে। ফল ও সবজির আলাদা দোকানও এই সময়সীমার আওতায় থাকবে।

তবে খাবার প্যাকেট করে নিয়ে যাওয়া এবং হোম ডেলিভারি সেবার ক্ষেত্রে এসব সময়সীমা প্রযোজ্য হবে না।

ফার্মেসি, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের দোকান, ল্যাবরেটরি, ক্লিনিক, হাসপাতাল, স্বতন্ত্র বেকারি ও তন্দুর, দুধ ও দুগ্ধজাত পণ্যের দোকান, পেট্রল ও সিএনজি স্টেশন এবং বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনকে নির্ধারিত বন্ধের সময়ের বাইরে রাখা হয়েছে। জিম, ক্রীড়া স্থাপনা, প্যাডেল কোর্ট, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও কল সেন্টারের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।

বিয়ের অনুষ্ঠান নিয়েও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিয়ের আয়োজনগুলোতে খাবারের ক্ষেত্রে শুধু একটি পদ পরিবেশন করা যাবে।

এ ছাড়া সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের জন্যও জ্বালানি সাশ্রয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী তিন মাস সরকারি গাড়িতে জ্বালানি সরবরাহ ৫০ শতাংশ কমানো হবে। তবে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, জরুরি সেবা ও রাজস্ব বোর্ডের অপারেশনাল কাজে ব্যবহৃত গাড়ি এ সিদ্ধান্তের বাইরে থাকবে। উন্নয়ন প্রকল্পের গাড়িও এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতির প্রভাব মোকাবিলা এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয় আনতেই পাকিস্তান সরকার এসব পদক্ষেপ নিয়েছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com