কারিগরি ত্রুটির কারণে রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে।
দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ের মধ্যে বাগেরহাটের রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিটের উৎপাদন টানা চার দিন ধরে বন্ধ রয়েছে। বয়লার অতিরিক্ত গরম হয়ে যাওয়া ও কারিগরি জটিলতার কারণে ইউনিটটি বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার কেন্দ্রটির একটি ইউনিট বন্ধ থাকায় সামগ্রিক উৎপাদন ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি থেকে কমে ৬০০ মেগাওয়াটের নিচে নেমেছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কমে লোডশেডিং আরও বেড়েছে।
ইউনিটটির ত্রুটি মেরামতে ভারত থেকে দুইজন বিশেষজ্ঞ প্রকৌশলী আসার কথা থাকলেও বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত তারা পৌঁছাননি। ফলে ২ নম্বর ইউনিট কবে নাগাদ চালু হবে, তা নিশ্চিত করে বলতে পারেনি কর্তৃপক্ষ।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, বয়লারের প্রাথমিক কাজ দেশীয় প্রকৌশলীরা শুরু করেছেন। ভারতীয় বিশেষজ্ঞরা এলে বাকি কাজ সম্পন্ন করা হবে। তাদের আসার পর ইউনিটটি চালু করতে আরও তিন থেকে চার দিন সময় লাগতে পারে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ২০২৪ সালের ১২ মার্চ। এর আগে ২০২২ সালের ২৩ ডিসেম্বর ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট উৎপাদনে যায়। দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যায় ২০২৩ সালের ২৪ অক্টোবর।
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত এই কেন্দ্রটির উৎপাদনক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের এনটিপিসির মধ্যে চুক্তির পর বিআইএফপিসিএল গঠন করা হয়। প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে বাগেরহাটের রামপালে কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।
চলতি সময়ে পর্যাপ্ত কয়লা মজুত থাকা সত্ত্বেও কারিগরি সমস্যার কারণে ২ নম্বর ইউনিট বন্ধ হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে কারিগরি ত্রুটিসহ নানা কারণে কেন্দ্রটির উৎপাদন একাধিকবার বন্ধ হওয়ার তথ্যও রয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com