পথকুকুরের উৎপাতের প্রতিবাদে কর্মকর্তার কার্যালয়ে কুকুর ছেড়ে দেন শিবসেনার কর্মীরা।
পথকুকুরের উৎপাত বেড়েছে, একাধিকবার অভিযোগ জানিয়েও ব্যবস্থা নেওয়া হয়নি—এমন অভিযোগে অভিনব প্রতিবাদ করেছেন ভারতের মহারাষ্ট্রের শিবসেনা (ইউবিটি)–এর যুব শাখার কর্মীরা। তারা নাসিকের নিফাদ নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা ধীরজ ভামরের কার্যালয়ে ঢুকে তার টেবিলের ওপর চারটি কুকুর ছেড়ে দেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পথকুকুরের সংখ্যা বাড়লেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না—এমন অভিযোগ তুলে দলটির কর্মীরা এ প্রতিবাদ করেন। এ সময় কর্মকর্তার সঙ্গে তাদের কথা-কাটাকাটিও হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিবসেনার যুব শাখার জেলা প্রধান বিক্রম রনধাভে একটি বস্তা থেকে ছোট একটি কুকুর বের করে কর্মকর্তার টেবিলের ওপর ছেড়ে দেন। পরে আরও কয়েকটি কুকুর সেখানে ছেড়ে দেওয়া হয়। আকস্মিক ঘটনায় কর্মকর্তা চেয়ার থেকে সরে যান। একটি কুকুর টেবিল থেকে নেমে অফিসের এক কোণে চলে যায়, অন্যটি একটি চেয়ারে গিয়ে বসে পড়ে।
পরে রনধাভে গলায় ২০ রুপির নোট দিয়ে তৈরি একটি মালা পরেন। তিনি কর্মকর্তার কাছে এগিয়ে যেতে চাইলে কর্মীরা তাকে বাধা দেন। এ সময় গত ছয় মাসে পথকুকুরের সমস্যা নিয়ে কতবার অভিযোগ জানানো হয়েছে, তা কর্মকর্তাকে মনে করিয়ে দেন রনধাভে।
এনডিটিভিকে রনধাভে বলেন, প্রতিটি গ্রাম, সড়ক ও অলিগলিতে পথকুকুরের সংখ্যা বেড়েছে। গত ছয় মাস ধরে তিনি নিফাদ নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলে আসছেন। তার দাবি, শিশু, নারীসহ অনেক মানুষ কুকুরের তাড়া ও কামড়ের শিকার হয়েছেন।
রনধাভে আরও বলেন, এলাকার পরিস্থিতির ছবি পাঠানো এবং বারবার জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই প্রতিবাদ হিসেবে কর্মকর্তার টেবিলে চারটি কুকুর ছেড়ে দেওয়া হয়েছে। কর্মকর্তার বিরুদ্ধে টেন্ডারের কাজে বেশি ব্যস্ত থাকার অভিযোগও করেন তিনি।
এ ঘটনাকে ‘শেষ সতর্কবার্তা’ উল্লেখ করে রনধাভে বলেন, আগামী আট দিনের মধ্যে ব্যবস্থা না নিলে কর্মকর্তার কার্যালয়ে আরও কুকুর ছেড়ে দেওয়া হবে। গণেশ উৎসবের সময় মানুষ আরতিতে যাওয়ার পথে পথকুকুরের কারণে আতঙ্কে থাকছেন বলেও দাবি করেন তিনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com