ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১১:৩৬ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

এক বছরে ডাকসুর কার্যক্রম ও ব্যয়ের প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত : ১১:৩৬ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬

এক বছরের কার্যক্রম ও জবাবদিহি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে ডাকসুর নেতারা।

নিউজ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) দায়িত্ব গ্রহণের এক বছরে পরিচালিত বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের প্রতিবেদন প্রকাশ করেছে। এতে শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, নারী শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা, গবেষণা ও শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ের তথ্য তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক বছরের কার্যক্রম ও জবাবদিহি প্রতিবেদন উপস্থাপন করেন ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।

প্রকাশিত প্রতিবেদনের উপস্থাপনায় কয়েকটি খাতে ব্যয়ের তথ্য দেওয়া হলেও পূর্ণাঙ্গ অডিট প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এতে ছারপোকা দমনে ৩২ লাখ টাকা, শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের আধুনিকায়নে ৩ কোটি টাকা, কেন্দ্রীয় মসজিদ সংস্কারে ৩ কোটি ৫০ লাখ টাকা এবং নারী শিক্ষার্থীদের জন্য জিমনেসিয়াম নির্মাণে ৬৫ লাখ টাকা ব্যয়ের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ হল সংস্কারে ৭ কোটি ৫১ লাখ টাকা বরাদ্দ বা ব্যয়ের তথ্যও উপস্থাপনায় জানানো হয়।

ডাকসু জানিয়েছে, বিভিন্ন উদ্যোগের বিস্তারিত ব্যয়ের হিসাব এখনো প্রকাশ করা হয়নি। ভিপি সাদিক কায়েম বলেন, অডিটের কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই ব্যয়ের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হবে।

সমাজসেবা সম্পাদকের ৩৫ কোটি টাকার কাজের দাবি প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, ডাকসুর বাস্তবায়িত কার্যক্রমের পরিমাণ ৩৫ কোটি টাকার চেয়েও বেশি। তবে প্রশাসনের বাধার কারণে অনেক উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ডাকসুর জন্য নির্ধারিত বাজেট এখনো প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি। প্রশাসনের অসহযোগিতা সত্ত্বেও এক বছরে আবাসন, পরিবহন, হলের খাবারের মান, স্বাস্থ্য ও গবেষণাসহ বিভিন্ন বিষয়ে ডাকসুর কমিটিগুলো এক হাজারের বেশি কাজ করেছে।

শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর বিষয়ে সাদিক কায়েম বলেন, একাডেমিক প্রক্রিয়ায় বিষয়টি উত্থাপিত হলেও প্রশাসনিক জটিলতার কারণে তা বাস্তবায়িত হয়নি। পরে ডাকসুর উদ্যোগে ‘ডিইউ টিচার্স ইভ্যালুয়েশন’ নামে একটি ওয়েবসাইট চালু করা হয়।

প্রতিবেদনে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে মোটরসাইকেল ও গাড়ি চালনা প্রশিক্ষণ, হলভিত্তিক প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ এবং বিনামূল্যে স্পোকেন ইংলিশ কোর্স আয়োজনের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গবেষণা কর্মশালা, গবেষণা প্রস্তাবনা তৈরির প্রশিক্ষণ, বৃত্তি ও উচ্চশিক্ষাবিষয়ক সেশন এবং শিক্ষা এক্সপোর আয়োজনের তথ্যও দেওয়া হয়।

পরিবহন খাতে শনিবার বাস সার্ভিস, বিভিন্ন রুটে সন্ধ্যার ট্রিপ, নারী হলগুলোর জন্য বাস এবং সাপ্তাহিক ঢাকা-কুমিল্লা বাস সার্ভিস চালুর কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও রুট বাড়ানোর বিভিন্ন উদ্যোগের কথাও জানানো হয়েছে।

এক বছরের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে ডাকসু ‘খতিয়ান’ নামে একটি বই প্রকাশ করেছে। এতে বাস্তবায়িত উদ্যোগের পাশাপাশি আটকে থাকা ও বাস্তবায়ন না হওয়া বিভিন্ন প্রকল্পের তথ্যও রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আইসিটি বিভাগের সহযোগিতায় কম্পিউটার ল্যাব স্থাপন, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, সার্টিফিকেশন সহায়তা, ইনোভেশন হাব ও চাকরি মেলাসহ ছয়টি উদ্যোগ এখনো বাস্তবায়িত হয়নি।

এ ছাড়া মাঠ সংস্কার ও ডিজিটাল সেবা, হলের ভর্তুকি মূল্যে খাবার, ডাকসু ক্যান্টিন সংস্কার, পুকুরপাড় সৌন্দর্যায়ন, ওয়াকওয়ে ও আলোকসজ্জাসহ স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি প্রকল্পও আটকে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কাজী মোতাহার হোসেন ভবনের ক্যান্টিন, টেকসই বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিন, মোবাইল টয়লেট, নতুন যানবাহন সংগ্রহ এবং বিভিন্ন হলের অবকাঠামোগত উন্নয়নসহ আরও কিছু উদ্যোগ বাস্তবায়ন হয়নি। পাশাপাশি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুদান বিতরণ, নারী শিক্ষার্থীদের জিমনেসিয়াম চালু এবং কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কার নিয়েও প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com