ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:৪৭ এএম, ২৬ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

৪০ বছরের রক্তক্ষয়ী দ্বন্দ্ব ভুলে এক কাতারে পাঁচ গ্রামের হাজারো মানুষ

প্রকাশিত : ০৩:৪৭ এএম, ২৬ আগস্ট ২০২৬

৪০ বছরের সংঘাত ভুলে এক কাতারে পাঁচ গ্রামের হাজারো মানুষ

নিউজ ডেস্ক :

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নে দীর্ঘ চার দশকের রক্তক্ষয়ী বিরোধ ও সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি ও সম্প্রীতির অঙ্গীকার করেছেন পাঁচ গ্রামের হাজারো মানুষ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণডাঙ্গা দাখিল মাদরাসা চত্বরে আয়োজিত এক বিশাল মতবিনিময় সভায় হান্দলা, বাড়ীভাঙ্গা, কাংকুল, ব্রাহ্মণডাঙ্গা ও চর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের বাসিন্দারা অতীতের হানাহানি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেন।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার, ইউনিয়ন পরিষদ নির্বাচন ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রায় ৪০ বছর ধরে পাঁচ গ্রামের মানুষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ সময়ে অর্ধশতাধিক সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত এবং প্রায় এক হাজার মানুষ আহত হয়েছেন। পাশাপাশি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে একাধিকবার।

বিশেষ করে ইউপি নির্বাচন সামনে এলেই এসব এলাকায় উত্তেজনা ও সংঘাত বেড়ে যেত। তবে এবার শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে আয়োজিত মতবিনিময় সভায় অতীতের বিরোধ ভুলে একসঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয়রা।

চর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের সমাজসেবক আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য খায়রুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তা ও নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির শেখ।

সভায় আরও বক্তব্য দেন নোয়াগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান নুর নবী, সাবেক ইউপি সদস্য কায়কোবাদ লস্কার, সমাজসেবক সাহিদার রহমান মোল্লা, নাজির মোল্লা, মনজুরুল ইসলাম মিলন, শামীম পারভেজ জনি এবং ব্রাহ্মণডাঙ্গা দাখিল মাদরাসার সুপার মাওলানা মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, পাঁচ গ্রামের মানুষ আর কোনো সংঘাত, মারামারি কিংবা হত্যাকাণ্ডে জড়াবেন না। পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সভায় পাঁচ গ্রামের শান্তি ও ঐক্য ধরে রাখার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে আসন্ন ইউপি নির্বাচনে নোয়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে হুমায়ুন কবির শেখের নাম ঘোষণা করা হয়। তাকে বিজয়ী করতে সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকারও করেন উপস্থিতরা।

দীর্ঘদিনের গ্রাম্য বিরোধ ও রক্তপাতের পর পাঁচ গ্রামের মানুষের এই ঐক্যকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের প্রত্যাশা, এই উদ্যোগের মধ্য দিয়ে নোয়াগ্রাম ইউনিয়নে স্থায়ী শান্তি ও সম্প্রীতির নতুন অধ্যায় শুরু হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com